জিনপিংয়ের অনুপস্থিতি নিয়ে চীনে গুঞ্জন
চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিংকে কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। গত সোমবার তিনি ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেন। এ নিয়ে আগে থেকে নির্ধারিত চারটি কর্মসূচি বাতিল করলেন জিনপিং। কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ একটি সভায় জিনপিং গত শুক্রবার অনুপস্থিত ছিলেন। এ ছাড়া গত বুধবার তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে নির্ধারিত একটি বৈঠক বাতিল করেন। এর আগে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গেও জিনপিংয়ের নির্ধারিত বৈঠক বাতিল করা হয়। আগামী মাসে অনুষ্ঠেয় কমিউনিস্ট পার্টির সম্মেলনে জিনপিংকে দেশের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে অনেকেই ধারণা করছেন। তবে ইদানীং তাঁর নিয়মিত অনুপস্থিতিকে দেশটির ক্ষমতার লড়াইয়ে পরিবর্তনের আভাস বলে বিশ্লেষকেরা মনে করছেন। বিবিসি।