জিনপিংয়ের সামনে চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন শি জিনপিং। তবে তাঁকে দেশের বাইরে ও ভেতরে বেশ কিছু সমস্যা নিয়ে দায়িত্ব পালন শুরু করতে হচ্ছে।দেশের ভেতরের সমস্যার কথা বিবেচনায় নিলে দুর্নীতি মোকাবিলার বিষয়টিই সবার আগে আসে। এ ছাড়া দেশটিতে দরিদ্র ও সম্পদশালী গোষ্ঠীর মধ্যে ব্যবধান দিন দিন বাড়ার বিষয়টিও মোকাবিলা করতে হবে জিনপিংকে। আর আন্তর্জাতিক বিষয় ধরলে পূর্ব চীন সাগরে দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে জাপানের সঙ্গে বিরোধই সবচেয়ে আলোচিত বিষয়। এর বাইরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে কেমন হবে, তার সিদ্ধান্তও নিতে হবে জিনপিংকে।জিনপিং গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেও এ পদে তাঁর মনোনয়ন নিশ্চিত হয় গত নভেম্বরে, যখন কমিউনিস্ট পার্টির জাতীয় সম্মেলনে তাঁকে দলের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। একই সঙ্গে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান পদেও মনোনয়ন নিশ্চিত হয় তাঁর।জিনপিং যেকোনো সমস্যা মোকাবিলায় চীনের জনগণের মতামতকেই গুরুত্ব দেবেন বলে ইঙ্গিত দিলেন কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় পর্যায়ের এক নেতা। ওই নেতা বলেন, ‘জনগণ কী চায়, শি জিনপিং তা খুব ভালোভাবেই বোঝেন। এটা তাঁর একটা চমৎকার গুণ।’জিনপিং ব্যয় সংকোচন নীতির আওতায় আমলাদের বিনোদন খাতের অর্থ কমানো এবং পূর্ব চীন সাগরে সেনকাকু দ্বীপের মালিকানার প্রশ্নে কঠোর অবস্থান নেওয়ার মতো সিদ্ধান্ত নিচ্ছেন। এই নীতিতে জনগণের মতামতেরই প্রতিফলন ঘটেছে। এ ছাড়া জিনপিং দুর্নীতিবিরোধী ও আইনের শাসন কার্যকর করতে নতুন অভিযান শুরু করেছেন। এই অভিযানে তিনি ‘চীনের জনগণের পুনঃপ্রতিষ্ঠার’ ডাক দিয়েছেন, যার প্রধান লক্ষ্য হলো জনগণের মধ্যে চীনের জাতীয়তাবাদী ভাবাবেগের সঞ্চার করা।কমিউনিস্ট পার্টির এক নেতা বলেন, জিনপিংয়ের শক্ত অবস্থানের কারণে দুর্নীতির অভিযোগে দেশটির রেল মন্ত্রণালয় ভেঙে দেওয়া হয়। ওই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও সরকার এই সিদ্ধান্ত নেয়।চীনে অর্থনৈতিক উন্নয়ন নিয়ে জনগণের মধ্যে আর সন্তুষ্টি নেই। ধনী ও দরিদ্র মানুষের মধ্যে পার্থক্য আধুনিক চীনের জনগণের মধ্যেও হতাশা তৈরি করেছে। এর বহিঃপ্রকাশও ঘটছে জমি দখল ও জাতিগত সংঘর্ষের মতো নানা ঘটনার মধ্য দিয়ে।আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক একজন বিশ্লেষক বলেন, সমুদ্রসীমায় চীনের নিয়ন্ত্রণ আরও কঠোর করার প্রয়োজন রয়েছে, যাতে তারা সেখান থেকে খাদ্য, সম্পদ ও জ্বালানি নিশ্চিত করতে পারে। তবে একজন আইন বিশেষজ্ঞ বলেন, জাপান বা ফিলিপাইনের সঙ্গে চীন কীভাবে তার সমুদ্রসীমা নিয়ে বিতর্কের বিষয়টি সমাধান করবে, তা স্পষ্ট নয়।এদিকে এশিয়ায় নিজেদের গুরুত্ব বাড়ানোর মার্কিন নতুন নীতি চীনের কাছে চ্যালেঞ্জ হয়ে এসেছে। এরই মধ্যে জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়নে উদ্বেগ প্রকাশ করেছে চীন। জিনপিং প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নিয়েছেন রাশিয়াকে। চলতি মাসের শেষ দিকে রাশিয়া ছাড়াও আফ্রিকান তিনটি দেশ সফর করবেন তিনি।