জিন্নাহকে কুচক্রী হিসেবে দেখা ঠিক নয়: যশবন্ত
বিজেপির সাবেক নেতা যশবন্ত সিং বলেছেন, মোহাম্মদ আলী জিন্নাহকে কুচক্রী হিসেবে উপস্থাপন করাটা ঠিক নয়। নিজের লেখা জিন্নাহ: ইন্ডিয়া, পার্টিশন, ইন্ডিপেনডেন্স নামের বইটির আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন উপলক্ষে গত বুধবার লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন যশবন্ত। গত বছর প্রকাশিত ওই বইটিতে জিন্নাহর প্রশংসা করায় দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে।যশবন্ত সিং বলেন, ‘জিন্নাহকে কুচক্রী হিসেবে চিহ্নিত করাটা আমাদের (ভারত) ভুল আর গান্ধীকে কুচক্রী হিসেবে বিবেচনা করাটা পাকিস্তানের ভুল। আমরা ইতিহাস উদ্ভাবন করতে পারি না।’ জিন্নাহকে একজন দৃঢ়সংকল্পবদ্ধ মানুষ হিসেবে উল্লেখ করে যশবন্ত বলেন, হিন্দু-মুসলিম ঐক্যের একজন দূত থেকে কায়েদে আজম হিসেবে তাঁর রূপান্তর মুগ্ধ করার মতো। কিন্তু পাকিস্তানকে নিজের পরিকল্পনামতো করে গড়ে তোলার আগেই তাঁর মৃত্যু হয়। বইটি লিখতে তাঁর পাঁচ বছর লাগলেও মাত্র সাড়ে তিন মাসে এর ২৩তম সংস্করণ প্রকাশিত হয়েছে বলে জানান যশবন্ত।ভারতের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৬২ বছরে দক্ষিণ এশিয়া সম্ভবত সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি পার করছে। গত ছয় দশকে বিশ্বের বিশৃঙ্খলার কেন্দ্র ইউরোপ থেকে পূর্ব এবং দক্ষিণ এশিয়ায় স্থানান্তরিত হয়েছে।পাকিস্তানে মার্কিন মনুষ্যবিহীন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন তিনি। তিনি বলেন, প্রতিটি ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাতস্বরূপ।যশবন্ত বলেন, ভারতের পাশের দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল এবং ভারতের অভ্যন্তরেও সমস্যা চলছে। দক্ষিণ এশিয়ায় বিদেশি সৈন্যের উপস্থিতি অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সবার জন্যই এটি একটি বড় ধরনের ব্যর্থতা।’ জিনিউজ।