জিমি কার্টার হাসপাতালে
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।কার্টারের এক মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, মঙ্গলবার কার্টার তাঁর নিজের বই হোয়াইট হাউস ডায়েরির প্রচারণায় যোগ দিতে আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে যাচ্ছিলেন। হঠাৎ তাঁর পেটে ব্যথা শুরু হলে বিমানটি জরুরি অবতরণ করা হয়। পরে তাঁকে দ্রুত ক্লিভল্যান্ডের মেট্রো হেলথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে পর্যবেক্ষণের পাশাপাশি পূর্ণ বিশ্রামে রাখা হয়।প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন।কার্টার যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক সংঘাতের অবসানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কার্টার ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। পিটিআই।