জিমেইলই কাল হলো পেট্রাউসের
জিমেইলে অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে ডেভিড পেট্রাউসের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানতে পারে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এর পরপরই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধানের পদ থেকে সরে দাঁড়ান পেট্রাউস। বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, পেট্রাউসের (৬০) জীবনী নিয়ে লেখা অল ইন: দ্য এডুকেশন অব ডেভিড পেট্রাউস বইয়ের লেখক পলা ব্রডওয়েলের (৪০) সঙ্গেই অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে এ ব্যাপারে পেট্রাউস বা ব্রডওয়েল সরাসরি কিছু বলেননি।নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে গিয়ে পেট্রাউস শৃঙ্খলা ভঙ্গ করেছেন কি না, তা খতিয়ে দেখছিল এফবিআই। সেটা করতে গিয়েই পেট্রাউসের এই সম্পর্কের বিষয় জানা যায়। পরে এফবিআইয়ের কর্মকর্তারা বিষয়টি নিয়ে পেট্রাউসের সঙ্গে কথা বলেন। এরপর সিআইএ-প্রধানের পদ ছেড়ে দেন তিনি। দুই সন্তানের জননী ব্রডওয়েলের সঙ্গে পেট্রাউসের প্রথম দেখা হয় ২০০৬ সালে। এর পর থেকে তাঁদের মধ্যে ই-মেইলে যোগাযোগ চলতে থাকে। মার্কিন সেনাবাহিনীতে মেজর পদমর্যাদায় কর্মরত ছিলেন ব্রডওয়েল। সেনা কর্মকর্তা হিসেবে বেশ সুনাম ছিল তাঁর। পেট্রাউসের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়ের সরাসরি কিছু বলেননি ব্রডওয়েল। গত শনিবার ছিল ব্রডওয়েলের ৪০তম জন্মদিন। এদিন ওয়াশিংটন ডিসিতে ভাইয়ের বাড়িতে অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। পরে তিনি তা বাতিল করেন।ইরাক ও আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর প্রধান হিসেবে নেতৃত্ব দেওয়ার পর চার তারকা পদমর্যাদার জেনারেল পেট্রাউস ২০১১ সালে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপ-দূতাবাসে হামলায় দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ চার মার্কিন নিহত হন। হামলার আগে কোনো ধরনের তথ্য দিতে না পারায় একে সিআইএর ব্যর্থতা বলে কঠোর সমালোচনা হচ্ছিল পেট্রাউসের। বিবিসি, রয়টার্স।