জিম্বাবুয়ের নির্বাচনে ব্রিটিশ ও ইইউ পর্যবেক্ষক থাকবেন না: মুগাবে
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেছেন, ব্রিটিশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো পর্যবেক্ষক দেশটির আগামী নির্বাচন পর্যবেক্ষণ করবেন না। কারণ, তাঁরা তাঁর দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্টের (জেডএএনইউ-পিএফ) প্রতি স্পষ্ট বিদ্বেষ প্রকাশ করে অবৈধ অবরোধ আরোপ করেছে।জিম্বাবুয়ে নিযুক্ত নতুন ব্রিটিশ রাষ্ট্রদূত দেবোরাহ ব্রনার্ট বৃহস্পতিবার প্রেসিডেন্টের সরকারি বাসভবনে তাঁর পরিচয়পত্র পেশ করতে গেলে মুগাবে এ কথা বলেন। গতকাল শুক্রবার জিম্বাবুয়ের দ্য হেরাল্ড পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। দেশটির নির্বাচন কবে হবে, তা এখনো ঠিক হয়নি।প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বিতর্কিত ভূমি সংস্কার কর্মসূচি গ্রহণ করে শ্বেতাঙ্গ কৃষকদের জমি জব্দ করে তা কৃষ্ণাঙ্গ কৃষকদের দিলে তাঁর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে অবনতি হয়। মুগাবের মতে, তাঁর ওই কর্মসূচির ফলে ঐতিহাসিক বৈষম্য সংশোধিত হয়েছে।ওই ঘটনার পর জিম্বাবুয়েকে কমনওয়েলথ থেকে বের করে দেওয়া হয় এবং যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ মুগাবে ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ করাসহ অবরোধ আরোপ করে।ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, প্রেসিডেন্ট মুগাবে রাষ্ট্রদূতকে বলেন, ‘আমরা এমন পর্যবেক্ষক চাই, যাঁরা সহযোগিতা পাবেন কি পাবেন না, এমন শর্ত দেবেন না। আমাদের নিজেদের নির্বাচনের ব্যাপারে হস্তক্ষেপ আমরা চাই না। জেডএএনইউ-পিএফের পক্ষে বা বিপক্ষে যাক, যুক্তরাজ্যের এমন কোনো প্রচারাভিযানে জড়িত হওয়া উচিত হবে না। দোষী কেউ থাকলে অন্য কেউ হোক, যুক্তরাজ্য যেন না হয়। দয়া করে আমাদের বাইরের হস্তক্ষেপমুক্ত নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করুন।’মুগাবে ব্রিটিশ সরকারকে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করে বলেন, ‘অবরোধের ফলে আমরা আজও দুর্ভোগ পোহাচ্ছি। যুক্তরাজ্য যদি জিম্বাবুয়েকে সহযোগিতা করতে না চায়, তবে আমাদের একাই থাকতে দিক। আমরা আমাদের পথ দেখে নেব।’ এএফপি, দ্য হেরাল্ড।