জিম্মিদের মুক্তি দিতে নিরাপত্তা পরিষদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাতে জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। আইএস জঙ্গিদের হাতে জিম্মি জর্ডানের এক পাইলটকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটি। আজ সোমবার এএফপির খবরে এ কথা জানানো হয়।

আইএস জাপানের এক সাংবাদিকের শিরশ্ছেদ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। এ কর্মকাণ্ডকে ‘জঘন্য ও কাপুরুষোচিত’ বলেও মন্তব্য করা হয়।

নিরাপত্তা পরিষদ বলেছে, জাপানের সাংবাদিক কেনজি গোতো হত্যার ঘটনায় দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। একইসঙ্গে পরিষদ জঙ্গি সংগঠন আইএস ও আল-কায়েদার সমর্থনপুষ্ট সংগঠনের হাতে জিম্মিদের দ্রুত, অক্ষত ও নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানায়।

গতকাল রোববার অনলাইনে গোতোর শিরশ্ছেদ করার ভিডিও প্রকাশ করেছে কট্টরপন্থী সুন্নি সংগঠনটি। এ ঘটনার পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আইএসবিরোধী লড়াইয়ে সহায়তা সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। নৃশংস এই হত্যাকাণ্ডের কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নেতারা। ৪৭ বছর বয়সী জাপানি স্বাধীন সাংবাদিক কেনজি গোতোকে নিয়ে এক সপ্তাহের মধ্যে দুজন জাপানিকে একইভাবে হত্যা করল আইএস। ভিডিওচিত্র অনুযায়ী, আগের কয়েকটি শিরশ্ছেদের কায়দায়ই হত্যা করা হয় গোতোকে।

এদিকে, ডিসেম্বরে সিরিয়ায় বিমান বিধ্বস্ত করে জর্ডানের বিমানবাহিনীর পাইলট মাজ আল-কাসাবেকে জিম্মি করে আইএস। তাঁকে অক্ষত মুক্ত করতে সব ধরনের চেষ্টা করার কথা জানিয়েছে জর্ডান। এর আগে জাপানের কর্মকর্তারা কেনজি গোতো এবং জর্ডানের জিম্মি পাইলট আল-কাসাবেকে মুক্ত করতে জর্ডানের কর্মকর্তাদের সঙ্গে কাজ করে যাচ্ছিলেন।

ইসলামি শরিয়া শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইএস ইরাক ও সিরিয়ার বেশ কিছু এলাকা দখল করে নিজেদের রাজ্য প্রতিষ্ঠা করেছে। দুজন মার্কিন সাংবাদিক, একজন মার্কিন ত্রাণকর্মী ও দুজন ব্রিটিশ ত্রাণকর্মীসহ স্থানীয় ও বিদেশিদের নির্বিচারে হত্যা করছে আইএস।