জিরাফ আঁকছে ছবি, বিক্রিও হচ্ছে!

ওজির বয়স মাত্র তিন বছর। কিন্তু এখনই তার ছবি আঁকার দিকে প্রচণ্ড ঝোঁক। সুযোগ পেলেই রং-তুলি নিয়ে ছবি আঁকা শুরু করে দেয়। যে ওজির কথা বলা হচ্ছে, সে মানুষ নয়, ডোরাকাটা জিরাফ। ছবি আঁকে মুখ দিয়ে। আর সেই ছবি বিক্রিও হচ্ছে বেশ।
আইএএনএসের খবরে বলা হয়েছে, ওজি প্রায় ১৩ ফুট লম্বা। তার ওজন প্রায় ৬৩৫ কেজি। সে থাকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের হেন্ডারসনের একটি সিংহ সংরক্ষণ কেন্দ্রে। নানা রঙের ছবি এঁকে সেখানকার দর্শনার্থীদের চমকে দিচ্ছে ওজি।
সিংহ সংরক্ষণ কেন্দ্রটির মালিক কিথ ইভানস বলেন, ‘ওজি ছবি আঁকতে পছন্দ করে। সে যদি না চাইত, তবে তাঁকে জোর করে ছবি আঁকানো যেত না। এসব তো জোর করে হয় না।’
ওই সংরক্ষণ কেন্দ্রে মোট ৩৬টি সিংহ আছে। তবে ছবি আঁকার সময় গর্জন করে ওজির মনোযোগ নষ্ট করে না তারা। তারের তৈরি বেড়ায় ঘেরা থাকে সে। দর্শনার্থীদের উপস্থিতিতে বিরক্ত হয় না। বরং মুখে তুলি নিয়ে ছবি আঁকা শুরু করে দেয় ওজি।
তার আঁকা ছবিতে মূলত থাকে নানা রঙের রেখা। কখনো কখনো একটি রঙের রেখার ওপর পড়ে আরেক রং, অনেকটা হালের ‘বিমূর্ত চিত্রকলার’ মতো। ছোট আকারের ক্যানভাসে আঁকা ছবিগুলো বিক্রি হয় ৪০ ডলারে। আর বড় ক্যানভাসগুলোর দাম পড়ে ৩০০ ডলার।
ওজির যখন আট মাস বয়স, তখন তাকে সিংহ সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয়। কিথ ইভানস বলেন, তখন থেকেই রং-তুলির দিকে আগ্রহ ছিল তার। এখন দিনে তিনবার করে ছবি আঁকে ওজি। প্রতিবার সর্বোচ্চ দুটি করে ছবি আঁকতে পারে সে। ওজির আঁকা ছবি সংরক্ষণ কেন্দ্রটির নিজস্ব দোকানে বিক্রি করা হয়।