জিলানি যুক্তরাষ্ট্রে দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্ষীয়ান কূটনীতিক আবদুল বাসিত। আর যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এত দিন সচিব থাকা জলিল আব্বাস জিলানিকে। গত বুধবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার ওই দুজনের নিয়োগ চূড়ান্ত করে।
নতুন পররাষ্ট্রসচিব বাসিত জার্মানিতে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি বেলজিয়াম, লুক্সেমবার্গ, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পাকিস্তানের দূত হিসেবে দায়িত্ব পালন করেন। বাসিত পররাষ্ট্র সচিব হিসেবে জলিল আব্বাস জিলানির স্থলাভিষিক্ত হবেন। আর জিলানি প্রায় পাঁচ মাস ধরে ফাঁকা থাকা যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতের পদে যোগ দিচ্ছেন।
গত ১১ মে পার্লামেন্ট নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ভরাডুবির পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত শেরি রেহমান পদত্যাগ করেন। তখন থেকেই গুরুত্বপূর্ণ এই পদটি খালি ছিল।
প্রধানমন্ত্রী নওয়াজ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। এই সফরেই রাষ্ট্রদূত হিসেবে জিলানির নিয়োগ চূড়ান্ত করলেন তিনি। স্বাভাবিক নিয়মে এত দ্রুত রাষ্ট্রদূত নিয়োগ প্রক্রিয়া শেষ হয় না। তবে মার্কিন একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকার যতটা সম্ভব কম সময়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করে জিলানিকে তাঁর দায়িত্ব শুরু করার ব্যাপারে সহযোগিতা করবে। নওয়াজের যুক্তরাষ্ট্র সফর শেষ হওয়ার আগেই জিলানিকে তাঁর দায়িত্ব নিশ্চিত করার কথা।
তবে জিলানির নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি। কারণ যে দেশে দূত হিসেবে নিয়োগ দেওয়া হবে, সেই দেশে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে নিয়োগের বিষয়টি ঘোষণা দেওয়া হয় না। ডন।