জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশারবিরোধী জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি গতকাল শুক্রবার বলেছে, জিহাদি গোষ্ঠীগুলো প্রেসিডেন্টের সমর্থক সংখ্যালঘু আলাবি শিয়া সম্প্রদায়ের ১৯০ জন বেসামরিক লোককে হত্যা করেছে।
এইচআরডব্লিউর অভিযোগমতে, বিদ্রোহীরা গত আগস্ট মাসে এক অভিযানে ওই হত্যাকাণ্ড ঘটায়। সে সময় আরও ২০০ জনকে ধরে নিয়ে যায় তারা। এদের বেশির ভাগই নারী ও শিশু। তাদের এখন পর্যন্ত আটকে রাখা হয়েছে। প্রেসিডেন্ট বাশার নিজেও আলাবি শিয়া সম্প্রদায়ের মানুষ।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, ওই ১৯০ জনের মধ্যে অন্তত ৬৭ জনকে ‘বেআইনিভাবে হত্যা’ করা হয়েছে। যুদ্ধাপরাধের ঘটনায় সন্দেহভাজন যেকোনো গোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
ন্যাটোর প্রধান অ্যান্ডারস ফগ রাসমুসেন সিরীয় সংঘাতের কোনো সামরিক সমাধান দেখছেন না—এ মন্তব্য করার পর এইচআরডব্লিউর এই প্রতিবেদন এল।
প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, আলাবি শিয়াদের ওপর ওই হত্যাকাণ্ড শুরু হয় ৪ আগস্ট। সেটা ছিল সিরিয়ায় পবিত্র ঈদুল ফিতরের দিন। ঘটনাটি ঘটে লাতাকিয়া প্রদেশের কয়েকটি গ্রামে, যেগুলো আলাবি সম্প্রদায়ের শক্তঘাঁটি। মানবাধিকার সংগঠনটির কর্মকর্তা জো স্টোর্ক বলেন, ‘এই হামলাগুলো কোনো দুর্বৃত্ত যোদ্ধার কাজ ছিল না। তা ছিল বেসামরিক লোকজনের ওপর সমন্বিত ও পরিকল্পিত অভিযান।’
১০৫ পৃষ্ঠার ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে অভিযানের সময় প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তি, জরুরি বিভাগের কর্মী এবং উভয় পক্ষের যোদ্ধাদের সাক্ষাৎকারের ভিত্তিতে। প্রতিবেদনে জানানো হয়েছে, হামলায় অন্তত ২০টি দল অংশ নেয়। তবে ‘সুনির্দিষ্ট কিছু ঘটনা, যা যুদ্ধাপরাধের শামিল’, তার জন্য দায়ী পাঁচটি সংগঠন। এগুলো হচ্ছে আহরার আল-শাম, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দি লিভান্ট (আইএসআইএল), আল-নুসরা ফ্রন্ট, জইশ আল-মুহাজিরিন ওয়াল-আনসার এবং শুকুর আল-ইজ্জ।
এইচআরডব্লিউ বলছে, কিছু ঘটনায় বিদ্রোহী যোদ্ধারা পুরো পরিবারকে হত্যা করেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে পরিবারের যেসব বৃদ্ধ বা অসুস্থ লোকজন পালাতে পারেননি, তাঁদের হত্যা করা হয়েছে।
সিরিয়ার প্রতিবেশী দেশ তুরস্কের প্রতি ইঙ্গিত করে এইচআরডব্লিউ বলেছে, যেসব যোদ্ধা ও সশস্ত্র গোষ্ঠী সিরিয়ায় ঢুকে সংঘবদ্ধভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, তাদের প্রবেশ বন্ধে দেশটিকে ব্যবস্থা নিতে হবে।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাংবাদিকদের কাছে গতকাল অভিযোগ করেছেন, সিরিয়ার বিদ্রোহীরা আফগানিস্তানের অরাজক এলাকাগুলোতে প্রশিক্ষণ নিচ্ছে। এএফপি ও রয়টার্স।