জিহাদি জন নিহত?

কুখ্যাত ব্রিটিশ জঙ্গি ‘জিহাদি জন’ সিরিয়ার রাকা শহর এলাকায় মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল শুক্রবার বলেন, তাঁরা ওই জঙ্গির মৃত্যুর ঘটনা সম্পর্কে নিশ্চিত নন। খবর এএফপির।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রাকায় মার্কিন বাহিনীর নেতৃত্বে গত বৃহস্পতিবার ওই বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) চারজন বিদেশি জঙ্গি নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল এ কথা জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, নিহত ওই চার জঙ্গির মধ্যে সম্ভবত জিহাদি জন রয়েছেন। তাঁর গতিবিধি বেশ কয়েক দিন ধরে নজরে রাখা হয়েছিল।
মার্কিন সামরিক বাহিনীর আরেকটি সূত্র বলেছে, নিহত বিদেশি জঙ্গিদের মধ্যে একজনের ‘জিহাদি জন’ হওয়ার সম্ভাবনা ‘অত্যন্ত জোরালো’। আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাকায় ওই হামলার কার্যকারিতা যাচাই করে দেখছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
কুয়েতে জন্মগ্রহণকারী ব্রিটিশ নাগরিক মোহাম্মদ এমওয়াজি জিহাদি জন নামে পরিচিত। পশ্চিমা কয়েকজন জিম্মির শিরশ্ছেদের ভিডিও চিত্রে তাঁকে মুখোশ পরা অবস্থায় দেখা যায়। তিনি এসব ভিডিওতে ব্রিটিশ উচ্চারণে ইংরেজি বলেন।