চরমপন্থীদের মোকাবিলায় যুক্তরাজ্য সরকার নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে। এটি গৃহীত হলে সন্ত্রাসী তৎপরতায় জড়িত না হয়েও কোনো চরমপন্থী সংগঠন নিষিদ্ধ হতে পারে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
টেলিগ্রাফ পত্রিকায় এক নিবন্ধে টেরেসা মে লিখেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের লড়াই দশকের পর দশক ধরে চলতে পারে। যুক্তরাজ্যের বিরুদ্ধে দেশে-বিদেশে সন্ত্রাসবাদীরা ‘অত্যন্ত ভয়াবহ হুমকি’ হিসেবে কাজ করছে। এ সমস্যা মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের সব ধরনের আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে। সন্ত্রাসবাদ ও চরম পন্থা দমনের জন্য নিরবচ্ছিন্ন অঙ্গীকার ও আন্তর্জাতিক সমন্বয়ের প্রয়োজন হবে।
ইরাক ও সিরিয়ার সক্রিয় জিহাদি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা সম্প্রতি অপহৃত মার্কিন সাংবাদিক জেমস ফলিকে হত্যার যে ভিডিওচিত্র প্রকাশ করেছে, তাতে একজন জঙ্গিকে ব্রিটিশ উচ্চারণে কথা বলতে শোনা যায়। তাঁকে শনাক্ত করতে যুক্তরাজ্যের পুলিশ ও গোয়েন্দারা তৎপর হয়েছেন। এই প্রেক্ষাপটে টেরেসা মের এ ঘোষণা এল। ব্রিটিশ মন্ত্রিসভার অন্য সদস্যরাও ফলির হত্যাকাণ্ডের পর চরম পন্থার বিরুদ্ধে আরও জোরদার অবস্থানে যাওয়ার অঙ্গীকার করেছেন।
ধারণা করা হয়, অন্তত ৫০০ জন ব্রিটিশ মুসলিম লড়াইয়ে জঙ্গিদের সহযোগিতা করতে ইরাক ও সিরিয়ায় গেছেন। তাঁদের অনেকেই আইএসে যোগ দিয়েছেন। এসব জঙ্গির বয়স ১৬ থেকে ৪২ বছরের মধ্যে। তাঁদের সংখ্যা আরও কয়েক গুণ বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
আইএসে যোগ দেওয়া ব্রিটিশদের অনেকে অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সক্রিয়। অন্যদের আকৃষ্ট করে দলে নেওয়াই তাদের লক্ষ্য।
টেরেসা মে বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে চরমপন্থী সংগঠনগুলো যাতে বেরিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে তাদের নতুন করে নিষিদ্ধ করার বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। এ ছাড়া যেসব চরমপন্থী অন্যদের প্রভাবিত করার চেষ্টা করে, তাদের দমনে বেসামরিক প্রশাসনকে নতুন কিছু ক্ষমতা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
বিভিন্ন স্থানীয় পরিষদ ও বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোকেও চরমপন্থা মোকাবিলায় আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। সন্ত্রাসী তৎপরতা মোকাবিলায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরে টেরেসা মে বলেন, ২০১০ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১৫০ জন বিদেশিকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে; যাদের অনেকেই ‘বিদ্বেষ ছড়ানোর’ কাজে লিপ্ত ছিল।