জিয়ুজিয়ানের স্বপ্নপূরণ
এই বয়সে নাতি-নাতনিদের নিয়ে আনন্দ-আহ্লাদে মেতে থাকার কথা। সময় হলে পাড়া-প্রতিবেশী কিংবা স্বজনের বাড়িতে মাঝেমধ্যে একটু ঢুঁ মারা। কিন্তু ম্যা জিয়ুজিয়ান সেসব বাদ দিয়ে পড়ালেখার জন্য বিদ্যালয়ে যাওয়া শুরু করলেন। পণ্ডিতেরা তো হরহামেশা বলেই থাকেন, ‘শিক্ষার কোনো শেষ নেই’, ‘শিক্ষার কোনো বয়স নেই’, আরও কত কি! বয়স যে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাধা নয় তা প্রমাণ করলেন জিয়ুজিয়ান। চীনা নাগরিক জিয়ুজিয়ানের বয়স এখন ১০২ বছর। এই বয়সে তাঁর ইচ্ছে হলো, বিদ্যালয়ে ভর্তি হওয়ার। হলেনও। বিদ্যালয়ে ভর্তি হয়ে চারদিকে শোরগোল ফেলে দিয়েছেন। একটা রেকর্ডও করেছেন তিনি। বিশ্বের সবচেয়ে বেশি বয়সে প্রাথমিক শিক্ষার্থী হওয়ার রেকর্ড এখন তাঁর ঝুলিতে।চীনের শ্যানদং প্রদেশের জিনান শহরের বাসিন্দা জিয়ুজিয়ান। মাত্র ১৩ বছর বয়সে একটি সুতার কারখানায় কাজ নেন তিনি। এরপর আর শিক্ষা নেওয়ার সুযোগ হয়নি তাঁর। তবে সবসময়ই শিক্ষা গ্রহণের একটা মোক্ষম সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে শতবর্ষ পার হওয়ার পর তাঁর সেই দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো।’জিয়ুজিয়ানের বিদ্যালয়ের নাম ওয়েশান রোড ইলিমেন্টারি স্কুল। প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছেন তিনি। বিদ্যালয়ের প্রথম দিনে ছোট ছেলে ৫৮ বছর বয়স্ক ওয়াই ফেনজিন তাঁকে স্কুলে যেতে-আসতে সাহায্য করেন।বিদ্যালয়ে প্রথম দিনের পাঠদান শেষে জিয়ুজিয়ানের কাছে তাঁর অনুভূতি সম্পর্কে জানতে চান এক শিক্ষক। তিনি বলেন, ‘ধন্যবাদ আপনাকে! ধন্যবাদ আমার সহপাঠীদের। আমি লেখাপড়ার জন্য কঠোর পরিশ্রম করব। দেশের জন্য কাজ করব।’শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদান শুনতে জিয়ুজিয়ান কানে বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করছেন। এ ছাড়া পাঠ্যবই পড়ার সুবিধার্থে তিনি ম্যাগনিফায়িং গ্লাস ব্যবহার করছেন। জিয়ুজিয়ান বিয়ে করেন ১৮ বছর বয়সে। নয় ছেলেমেয়ে রয়েছে তাঁর। তাঁদের মধ্যে সাতজনই স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। সূত্র: অ্যানানোভা