জিয়ো টিভির নিবন্ধন বাতিল চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিয়ো টিভির সম্প্রচার নিবন্ধন বাতিল ও এর কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পিইএমআরএ) প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রখ্যাত সাংবাদিক হামিদ মির জিয়ো টিভির নির্বাহী সম্পাদক।
নিবন্ধন বাতিলের ব্যাপারে ব্যবস্থা নিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার পিইএমআরএর কাছে চিঠি পাঠিয়েছে।
হামিদ মিরের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) হাত রয়েছে—জিয়ো টিভি এর খবরে এমন অভিযোগ তোলার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় পিইএমআরএর কাছে ওই চিঠি পাঠায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে জিয়ো টিভিকে ‘আক্রমণকারী, কুৎসা রটনাকারী ও কেলেঙ্কারিপূর্ণ বৈশিষ্ট্যের’ উল্লেখ করে অভিযোগ করা হয়, এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে পকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেন, অভিযোগের ভিত্তিতে পিইএমআরএ উভয় পক্ষকে শুনানিতে ডাকবে। সেখানে আইএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য জিয়ো টিভিকে তথ্য-প্রমাণ উপস্থাপন করতে বলা হবে।
হামিদ মির বিভিন্ন সময় তালেবান ও পাকিস্তানের সশস্ত্রবাহিনীর সমালোচনা করেছেন। ৭ এপ্রিল হামিদ মির নিজেই বলেন, আইএসআই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি নিরাপদবোধ করছেন না। এএফপি।