জিয়ো টিভির বিরুদ্ধে দুটি আবেদন খারিজ
আলোচিত টেলিভিশন চ্যানেল জিও নিউজের লাইসেন্স বাতিল ও এর কয়েকজন জ্যেষ্ঠ উপস্থাপকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার করার দুটি আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। দেশটির ইসলামাবাদ ও লাহোরের হাইকোর্ট গতকাল শুক্রবার পৃথক এ আদেশ দিয়েছেন।
জিয়ো টিভির নির্বাহী সম্পাদক প্রখ্যাত সাংবাদিক হামিদ মির সম্প্রতি অজ্ঞাত বন্ধুকধারীদের গুলিতে গুরুতর আহত হন। হামলার জন্য দেশের গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করেছেন তিনি। ওই হামলার ঘটনার পর থেকে টিভি চ্যানেলটির বিরুদ্ধে নানা তৎপরতা শুরু হয়েছে।
ইসলামাবাদের হাইকোর্টে আবেদনটি করেছিলেন স্থানীয় একজন সাংবাদিক। ওই আবেদনে জিও টিভির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও এর কয়েকজন উপস্থাপককে মামলার বিবাদী করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এতে বলা হয়, একটি অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে তাঁরা দেশের সামরিক বাহিনীকে অবজ্ঞা করেছেন। এ জন্য তাঁদের রাষ্ট্রদ্রোহের মামলায় বিচার করতে হবে। আবেদনে জিও টিভির লাইসেন্স বাতিলেরও দাবি করা হয়। তবে শুনানি শেষে আদালত বলেন, এসব আবেদন গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে লাহোরের হাইকোর্টে জিয়ো গ্রুপের বিরুদ্ধে আরেকটি আবেদন করেছিলেন একটি বেসরকারি চ্যানেলের উপস্থাপক। এতেও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। সেটিও খারিজ করে দেওয়া হয়েছে। আদালতের বিচারপতি এজাজুল হাসান বলেন, আবেদনকারী সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ পড়েননি। সেখানে বলা আছে, এ ধরনের আবেদন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতে হবে। নিউজ ইন্টারন্যাশনাল।