জিয়ো টিভির বিরুদ্ধে ব্যবস্থা ভালো হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি লাগামহীন শক্তি সংঘাতে জড়ালে এ নিয়ে বিতর্কের ফল স্বাভাবিকভাবেই ক্রমাবনতির দিকে যায়। হামিদ মিরকে লক্ষ্য করে চালানো হামলায় তিনি গুরুতর আহত হন। এ হামলায় অলৌকিকভাবে রক্ষা পান তিনি। তিনি যে পাকিস্তানের ভালো তথ্য জানা সাহসী সাংবাদিক, এতে কোনো সন্দেহ নেই।

হামিদ মির সন্দেহ করছেন তিনি আইএসআইয়ের লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন। সন্দেহভাজনের পরিচিতি ও বৈশিষ্ট্য যা-ই থাক, গণমাধ্যম এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করতে বাধ্য। আইএসআইয়ের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবারই প্রথম নয়। আর সাংবাদিকদের তরফ থেকেও এটি প্রথম কোনো অভিযোগ নয়।

নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে গঠিত কমিশন এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে মামলা ও অযৌক্তিক শাস্তির বিষয়ে সুপ্রিম কোর্টের পৃথক মন্তব্যে বলা হয়েছে, আইএসআইসহ আমাদের নিরাপত্তা বাহিনীর দ্বারা ব্যাপক নিপীড়নের ঘটনা ঘটে।

গণমাধ্যম জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করছে বলে যে প্রচার রয়েছে, তা একেবারে অযৌক্তিক। এই যুক্তি অনুসরণ করলে তো সংবিধান রদ করে পূর্ব পাকিস্তান বা বেলুচিস্তানে যখন ক্ষমতালোভী জেনারেলরা অভিযান চালিয়েছিলেন, ওই সময় নীরব থাকা ব্যক্তিরাই একমাত্র দেশপ্রেমিক।

একইভাবে তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, সারা বিশ্বেই গোয়েন্দা বাহিনী অন্যায়ভাবে ক্ষমতার প্রয়োগ ঘটায়। সে ক্ষেত্রে প্রথমত, অন্য কোথাও ক্ষমতার অপপ্রয়োগ চলছে, এই অজুহাতে অপরাধকে মার্জনা করার সুযোগ নেই। দ্বিতীয়ত, এমন নজির কমই আছে, যেখানে গোয়েন্দা সংস্থার ক্ষমতার অপপ্রয়োগের ব্যাপারে সুশীল সমাজের সদস্যরা সমালোচনা করলে ক্রমাগত হুমকির শিকার হন তাঁরা। 

হামিদ মিরের করা অভিযোগ বা কোনো প্রতিবেদনের ওপর ভিত্তি করে নিরাপত্তা বাহিনীর একটি অংশ এমন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে না। আরও কষ্টের বিষয় হলো, হামিদ মির ও তাঁর প্রতিষ্ঠান জিয়োকে রাষ্ট্রের শত্রু হিসেবে চিত্রিত করার প্রচারণা চলছে। এ কাজে কর্তৃপক্ষ, বিশেষ করে আইএসআইয়ের ভূমিকার বিষয়টিই স্পষ্ট হয়ে উঠছে। জিয়ো রাষ্ট্রের স্বার্থবিরোধী কাজ করছে—কর্তৃপক্ষ যদি এমনটাই মনে করে, তাহলে এতে দেরিতে কেন তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হলো?

ক্ষমতায় থাকাকালে বা না থাকার সময় কেউ কখনো জিয়োকে বর্জন করেছে বলে আমি মনে করতে পারছি না। আইএসপিআর জিয়োর বিরুদ্ধে নিজেরাই বিবৃতি দিয়েছে। নিশ্চয়ই জিয়ো টিভি শত্রুভাবাপন্ন কোনো দেশের সঙ্গে মিলে দুরভিসন্ধিমূলক কিছু করছে না।

সৌভাগ্যক্রমে হামিদ মির বেঁচে আছেন। দ্রুত সুস্থ হয়ে নিজের পেশায় তিনি ফিরে যান, সেই দোয়া করছে সবাই। এখন প্রশ্ন, শুধু জাতীয় নিরাপত্তা নিয়ে নয়, রাষ্ট্র ও রাষ্ট্রের বাইরের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে আক্রমণের শিকার সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও। সংবাদমাধ্যমের  স্বাধীনতা অনেক দূর এগোল কি না, এটা কোনো চিন্তার বিষয় নয়, চিন্তার বিষয় হচ্ছে এই স্বাধীনতা দিন দিন আপসকামী হচ্ছে।

দায়িত্বশীল সাংবাদিকতার ওপর সমন্বিতভাবে গুরুত্বারোপের সময় এসেছে। এটি এখন বাণিজ্যিক স্বার্থ দেখার ক্ষেত্র হয়ে গেছে। বিবেক-বুদ্ধিহীন সাংবাদিকেরা বৃহত্তর স্বার্থ বর্জন করে ক্ষুদ্র স্বার্থ অর্জনে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করছেন। জিয়ো স্বাধীন সংবাদমাধ্যমের চেয়ে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে কাজ করে বলে একটি ধারণা প্রচলিত আছে। নিরাপত্তা বাহিনীর কাছে এই বার্তা পরিষ্কারভাবে পাঠিয়ে দেওয়া উচিত যে, জাতীয় নিরাপত্তার নাম করে তারা দেশের আইনের শাসন ভূলুণ্ঠিত করতে পারে না এবং জাতীয় নিরাপত্তার একক ব্যাখ্যাদানকারী ও জিম্মাদার নয়।

জাতীয় নিরাপত্তার নামে পাকিস্তানকে চড়া রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য দিতে হয়েছে। দেশের অর্ধেকেরও বেশি মানুষ জাতীয় নিরাপত্তার সুরক্ষা পায় না। অথচ রাজনৈতিক জোটের সঙ্গে মিলে আইএসআই ‘জাতীয় নিরাপত্তা’ রক্ষা করছে বলে দাবি করে।

জিয়োর বিরুদ্ধে চূড়ান্ত কোনো পদক্ষেপ নেওয়া হলে, তা হবে এই গণমাধ্যম গোষ্ঠীটির সঙ্গে চরম অন্যায় আচরণ। এটি মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে। পাকিস্তানে এমনটি হতে পারে, তবে এই অগণতান্ত্রিক শক্তি গণতন্ত্রকে লাইনচ্যুত করার পথ মসৃণ করবে। 

আসমা জাহাঙ্গীর: পাকিস্তানের মানবাধিকারকর্মী