জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে জড়ো হয়েছেন বিশ্বনেতারা। আজ শনিবার থেকে শুরু হচ্ছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর নেতা ও কর্মকর্তাদের দুই দিনব্যাপী এই সম্মেলন। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
সম্মেলনে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতারা অংশ নিচ্ছেন। অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা সচলের বিষয়টি এবারের সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। আয়োজক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, চাকরির ক্ষেত্র সৃষ্টি, কর ফাঁকিবাজদের শনাক্ত করা, বৈশ্বিক অর্থনীতিকে শক্তিশালী করা ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
তবে সম্মেলনের মূল আলোচনা ছাপিয়ে যেতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পশ্চিমা নেতাদের রেষারেষির ঘটনা। ইউক্রেনে চলমান সংকটে রাশিয়ার কথিত ইন্ধন নিয়ে মস্কোর সঙ্গে পাশ্চাত্যের টানাপোড়েন চলছে। এ বিষয়টি নিয়ে সম্মেলন শুরুর আগে থেকেই কথা বলতে শুরু করেন অন্য নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অস্ট্রেলিয়ায় পৌঁছে গতকাল শুক্রবার মস্কোর পদক্ষেপকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বলেন, দেশটির বিরুদ্ধে ইইউ ও যুক্তরাষ্ট্রের অবরোধ আরও বাড়তে পারে। পক্ষান্তরে, পুতিন বলেছেন, এই অবরোধ বৈশ্বিক অর্থনীতির জন্যও করুণ পরিণতি ডেকে আনছে।
১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত অর্থনৈতিক জোট জি-টোয়েন্টি। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই জোটের দেশগুলোতে বিশ্বের মোট অর্থনৈতিক উৎপাদনের ৮৫ শতাংশই হয়ে থাকে।