জীবন বাঁচাল কুকুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের এক মেয়েশিশুর জীবন বাঁচিয়েছে পোষা কুকুর। পোল্যান্ডে এ ঘটনা ঘটে। প্রাণে বেঁচে যাওয়া মেয়েটির নাম জুলিয়া। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার নিজের বাড়ির আঙিনায় তাদের পোষা কুকুরের সঙ্গে খেলছিল শিশুটি। এরপর সে নিখোঁজ হয়। শুরু হয় খোঁজাখুঁজি। তখন ওই এলাকায় তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৫ ডিগ্রি নিচে। তীব্র ঠান্ডা উপেক্ষা করে উদ্ধারকর্মীসহ অন্তত ২০০ জন রাতভর জুলিয়ার সন্ধান করেন। বাড়ির আশপাশ তন্ন তন্ন করে খুঁজেও তার দেখা মেলেনি। শেষমেশ শনিবার সকালে জুলিয়াকে পাওয়া যায়। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরের একটি জলাশয়ের কাছে মাটির ওপর শুয়ে ছিল সে। পাশে সেই কুকুর। ধারণা করা হয়, জুলিয়া একপর্যায়ে ওদের বাড়ির পাশের অরণ্যে ঢুকে পড়ে। পরে সে পথ হারিয়ে ওখানে যায়। তীব্র ঠান্ডার মধ্যে কুকুরটি সারা রাত ওর গা-ঘেঁষে শুয়ে থাকে। নিজের শরীরের উষ্ণতা দিয়ে বাঁচিয়ে রাখে জুলিয়ার প্রাণ। জুলিয়াকে ছেড়ে কুকুরটি যায়নি কোথাও। এ জন্যই জুলিয়া বেঁচে থাকে। উদ্ধারকর্মীরা বলছেন, জুলিয়া মা মা বলে চিৎকার করে কাঁদছিল। কান্না শুনেই তার উপস্থিতি শনাক্ত করা হয়। তীব্র ঠান্ডায় ওর শরীরের অবস্থা কাহিল হয়ে পড়ে। তাকে উদ্ধার শেষে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিবিসি।