জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হোসনি মোবারক
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের অবস্থা সংকটাপন্ন। তাঁকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। রাজধানী কায়রোর একটি সামরিক হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে সাবেক এই প্রেসিডেন্টকে।তবে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা জানিয়েছে, মোবারক ‘ক্লিনিক্যালি ডেড নন’, তিনি অচেতন অবস্থায় আছেন। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।মিসরের ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, মোবারককে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গত মঙ্গলবারর কারাবন্দী মোবারকের স্ট্রোক হয়। তাৎক্ষণিক তাঁকে হেলিকপ্টারে করে মাডি সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে ৮৪ বছর বয়সী অসুস্থ মোবারক কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, মিসরের সাবেক এই নেতা অচেতন হয়ে পড়েছেন, তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকেরা তাঁর হূদ্স্পন্দন স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানায়, ‘মোবারক ক্লিনিক্যালি ডেড’।স্ট্রোকে আক্রান্ত মোবারককে মাডি হাসপাতালে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা হাসপাতালের বাইরে ভিড় করতে থাকেন। সেখানে অবস্থান নেন মোবারকবিরোধীরাও। পরিস্থিতি মোকাবিলায় সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।হাসপাতালের বাইরে মোবারকের ছবি হাতে দাঁড়িয়ে তাঁর এক সমর্থক বলেন, ‘মোবারক আমার বাবা। আমি তাঁকে আমার বাবার চেয়েও বেশি ভালোবাসি। মুসলিম ব্রাদারহুড ক্রিমিনাল। তাঁরা আমাদের দেশকে ধ্বংস করতে চায়। মোবারক ৩০ বছর আমাদের শান্তিতে রেখেছিলেন।’ মোবারকের বিরোধী একজন বলেন, ‘মোবারক আমাদের জন্য কিছুই করেননি। তাঁর জন্যই আমরা দরিদ্র।’ আরেকজন জানান, তিনি মোবারকের কবরে জুতা মারার জন্য প্রস্তুত।মোবারক গত বছরের ফেব্রুয়ারিতে আরব বসন্তের ঢেউয়ে ক্ষমতাচ্যুত হন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একটি আদালত মোবারক ও তাঁর দুই ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ দেন। গ্রেপ্তারের পর তাঁদের বিচার শুরু হয়। সরকারবিরোধী আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেওয়ার দায়ে ২ জুন মিসরের একটি আদালত মোবারককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এএফপি, বিবিসি।