জীবনের শেষ পরীক্ষায় তাক লাগানো সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের এমন ফলাফলে যেকোনো মা-বাবারই আনন্দে উচ্ছ্বসিত হওয়ার কথা। কিন্তু আজ তাঁরা শোকে পাথর, বাকরুদ্ধ। কারণ, তাঁদের আদরের সন্তান যে চলে গেছেন না-ফেরার দেশে! মেডিকেল কলেজে জীবনের শেষ পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেছেন তিনি। গড়ে ৭৩ নম্বর পেয়েছেন।গত ১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ওই মেডিকেলছাত্রী (২৩)। পরে তাঁকে ও তাঁর বন্ধুকে বেদম মারধর করে বাস থেকে রাস্তায় ফেলে দেয় দুর্বৃত্তরা। সিঙ্গাপুরের একটি হাসপাতালে ২৯ ডিসেম্বর মারা যান তিনি।উত্তরাখন্ডের দেরাদুনের সাই ইনস্টিটিউটে পড়াশোনা করতেন তিনি। চার বছরের কোর্স শেষে শিক্ষানবিশ হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লির একটি হাসপাতালে যোগ দেন।প্রতিষ্ঠানের প্রধান হারিশ অরোরা বলেন, ‘যেখানে শিক্ষার্থীরা গড়ে ৫৫ থেকে ৫৬ শতাংশ নম্বর পায়, সেখানে মেয়েটি অনেক ভালো ফল করেছে।’ অন্য শিক্ষকেরা তাঁর ফলাফলকে ‘অসাধারণ’ বলে মন্তব্য করেন। এক শিক্ষক বলেন, ‘এই ফলাফলে প্রমাণিত হয়, সে কতটা পরিশ্রমী ছিল। সব সময় ফিজিওথেরাপিকে সে পেশা হিসেবে নিতে চেয়েছিল।’ফল প্রকাশের পর মেয়েটির মা-বাবা নয়াদিল্লিতে বাকরুদ্ধ হয়ে পড়েন। অনেকক্ষণ পর মুখ খোলেন তাঁর বাবা। তিনি বলেন, ‘ফল ভালো হয়েছে। কিন্তু মেয়েকে হারানোর বেদনায় সব আনন্দ মিলিয়ে গেছে। আমি শুধু চাই, আমার অন্য দুই সন্তান যেন তাদের দিদির এই ভালো ফল থেকে অনুপ্রাণিত হয়।’দেরাদুনের শিক্ষাপ্রতিষ্ঠানটি ওই ছাত্রীর পরিবারকে এক লাখ ৮০ হাজার রুপি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই প্রতিষ্ঠানে চার বছরের ফি একসঙ্গে জমা দেওয়ার নিয়ম। সেই অনুযায়ী ওই ছাত্রীও টাকা জমা দিয়েছিলেন। কিন্তু লেখাপড়া অসমাপ্ত থাকা অবস্থায় তাঁর মৃত্যু হওয়ায় প্রতিষ্ঠানটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হারিশ অরোরা জানান, ওই ছাত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে তাঁর পরিবারের একজন সদস্যের কাছে এই অর্থ তুলে দেওয়া হবে। তাঁর পরিবার অর্থ নিতে অস্বীকৃতি জানালে দরিদ্র নারী শিক্ষার্থীদের জন্য এ অর্থ ব্যয় করা হবে। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।