জীবনের শেষ সময়ে কুনুতে থাকতে চাইতেন তিনি
বর্ণবাদী সরকারের আমলে বন্দিদশা ও জীবনের শেষ সময় অসুস্থ থাকাকালে নেলসন ম্যান্ডেলার খুব মনে পড়ত সেই পাহাড়ঘেরা কুনু গ্রামের কথা। সেখানকার বিস্তীর্ণ প্রান্তরে কেটেছিল তাঁর দুরন্ত শৈশব।
গ্রামের আর দশটা ছেলের মতোই লাঠি-লড়াই, গাভির বাঁট থেকে গরম দুধ পান, মাছ ধরা ও বন্ধুদের সঙ্গে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নামার মতো দুরন্তপনার মধ্য দিয়ে কুনুতে ছেলেবেলা কেটেছিল বর্ণবাদবিরোধী এই মহান যোদ্ধার। মায়ের ভিটেবাড়ির একটি কুঁড়েঘরে তিনি থাকতেন। কাদামাটির আবরণে দেয়ালঘেরা ছোট্ট ঘরটিতে বিছানা বলতে ছিল মেঝেতে পাতানো একটি মাদুর। বাড়ির সামনের বাগানে উৎপাদন হতো শস্য। হতো রান্না খোলা উনুনে।
লং ওয়াক টু ফ্রিডম নামের স্মৃতিকথায় ম্যান্ডেলা লিখেছেন, ‘সেই দিনগুলো থেকেই আমি তৃণভূমি, খোলা জায়গা, প্রকৃতির সরল সৌন্দর্য আর দিগন্তরেখার স্পষ্টতাকে ভালোবাসি।’
কুনু প্রসঙ্গে এক অপ্রকাশিত স্মৃতিকথায় ম্যান্ডেলা বলেন, প্রিয় গ্রামটিতে তিনি শৈশবের সবচেয়ে আনন্দময় দিনগুলো কাটিয়েছেন। বিদ্যালয়ের প্রথম দিন তিনি নিজের ইংরেজি নামটি (নেলসন) পেয়েছিলেন। তিনি গ্রামের ছেলেদের মতো কম্বল গায়ে জড়িয়ে প্রথম দিন বিদ্যালয়ে যাননি। বাবার একটি প্যান্ট কেটে নিয়ে বিশেষ একটি প্যান্ট পরেছিলেন তিনি।
রোবেন দ্বীপে বন্দী অবস্থায় ১৯৭০ সালে ম্যান্ডেলা লিখেছেন, ‘কারাবাসের দীর্ঘ সময়জুড়ে আমার হূদয় ও আত্মা যেন পড়েছিল অনেক দূরের সেই গ্রামটিতে, সেখানকার সমতল তৃণভূমি আর ঝোপ-ঝাড়ে।’
২৭ বছর কারাবাসের পর একজন মুক্ত মানুষ হিসেবে কুনু গ্রামে ফিরে আসেন ম্যান্ডেলা। সেখানে তাঁর মা-বাবা ও সন্তানদের কবর রয়েছে। গ্রামটিতে মানুষের দারিদ্র্য ম্যান্ডেলাকে আহত করে। তিনি সেই গ্রামে বিদ্যুৎ, পানি সরবরাহ ও সড়ক পাকা করে বড় ধরনের পরিবর্তন আনেন; নিজের স্মৃতিবিজড়িত কারাগারের আদলে কুনু গ্রামে নির্মাণ করেন অবসরযাপনকেন্দ্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও টেলিভিশন-তারকা অপরাহ্ উইনফ্রের মতো বিখ্যাত লোকজন সেখানে অতিথি হয়েছেন। আর স্থানীয় শিশুদের জন্য বড়দিনে বিশেষ পার্টির আয়োজনও সেখানে রাখা হতো। জীবনের শেষ লগ্নে গুরুতর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সেখানেই দীর্ঘ সময় কাটিয়েছেন ম্যান্ডেলা।
ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল এক হলফনামায় লিখেছেন, কুনুর জীবনের সঙ্গে ম্যান্ডেলার আবেগময় সংযোগের প্রমাণ স্পষ্টভাবে পাওয়া যায় তাঁর লেখা বই আর চিঠিতে।
গত জানুয়ারিতে ১৮ দিন হাসপাতালে থাকার পর যখন ম্যান্ডেলা জোহানেসবার্গের বাড়ি ফেরেন, সবচেয়ে পুরোনো বন্ধু জর্জ বিজোস তখন দেখা করতে যান। ম্যান্ডেলা তখন বলেন, ‘জর্জ আমাকে কুনুতে নিয়ে যাবে?’ এএফপি।