জীবিত ২০০ রোগীকে মৃত ঘোষণা
অস্ট্রেলিয়ার একটি হাসপাতাল সম্প্রতি ভুল করে প্রায় ২০০ জন জীবিত রোগীর পারিবারিক চিকিত্সকের কাছে মৃত্যুর নোটিশ পাঠিয়েছে। পরে অবশ্য এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল শহর মেলবোর্নে অবস্থিত অস্টিন হাসপাতাল গত ৩০ জুলাই গুরুতর এই ভুলটি করে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো রোগীকে ছেড়ে দেওয়ার আগে পারিবারিক চিকিত্সকের কাছে নোটিশ পাঠানো হয়। ওই রোগেদের ক্ষেত্রেও তেমনটি করা হয়েছিল। কিন্তু ভুলবশত ফ্যাক্সে রোগী অব্যাহতির টেমপ্লেটের স্থানে মৃত্যুর নোটিশের টেমপ্লেট সেভ থাকায় এ বিপত্তি ঘটে।
কয়েক ঘণ্টার মধ্যেই ভুলটি ধরা পড়ে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ওই চিকিত্সকদের সঙ্গে যোগাযোগ করে ভুলের বিষয়টি জানায়। এর আগেই অন্তত একজন চিকিত্সক এক রোগীর পরিবারের কাছে মৃত্যুর সংবাদ জানিয়ে দেয়।
এমন ভুলের পর বেশ বিব্রতকর অবস্থায় পড়ে অস্টিন হেলথ হাসপাতাল। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার তারা নিঃশর্ত ক্ষমা চেয়েছে।
অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলেছে, এ ধরনের ভুল অগ্রহণযোগ্য এবং পারিবারিক চিকিত্সকেদের জন্য পীড়াদায়ক।