জুতা ছোড়া পুলিশকে ক্ষমা করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গত রোববার তাঁকে লক্ষ্য করে জুতা নিক্ষেপকারী পুলিশের সাবেক প্রধান কনস্টেবল আবদুল আহাদ জানকে ক্ষমা করে দিয়েছেন।সরকারের একজন মুখপাত্র জানান, আহাদ জানকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।গত রোববার কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন আহাদ জান। তবে জুতা মুখ্যমন্ত্রীর গায়ে লাগেনি। মঞ্চের কাছে গিয়ে পড়ে জুতাটি। দোষী সাব্যস্ত হলে তাঁর কমপক্ষে তিন বছরের কারাদণ্ড হতো।খবরে বলা হয়, জুতা নিক্ষেপের পর আহাদ জান চিৎকার করে বলেন, ‘আমরা স্বাধীনতা চাই।’ এ সময় তিনি কালো পতাকাও ওড়ান।আহাদ জানকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়।গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আহাদ জানের সঙ্গে কথা বলেন। এরপর তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিবিসি ও এএফপি।