জুতায় যত ঝামেলা জুলিয়ার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের জুতা হারানো এবং জুতা হাতড়ে বেড়ানোর ইতিহাস অনেকেরই জানা। এবার সেই জুতা নিয়ে ভারত সফরে এসে বিব্রতকর অবস্থায় পড়েছেন তিনি। হয়েছেন গণমাধ্যমের শিরোনাম। গত বুধবার নয়াদিল্লিতে গান্ধী মেমোরিয়ালে শ্রদ্ধা জানিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী কেবল সংবাদ সম্মেলন করার জন্য যাচ্ছিলেন। এ সময় উঁচু হিলের জুতা ঘাসের সঙ্গে আটকে পড়ে যান তিনি। অসংখ্য ক্যামেরা তখন তাক করা তাঁর দিকে। তিনি দ্রুতই উঠে পড়েন। এমনভাবে তিনি হেসে ওঠেন, যেন কিছুই হয়নি। এই দৃশ্য পুরোটাই ক্যামেরায় ধরা পড়ে।পরে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে এই উটকো দুর্ঘটনা নিয়ে মজাও করেন। তিনি বলেন, পুরুষেরা যারা সমান জুতা পরে অভ্যস্ত, তারা উঁচু হিলের জুতা পরলে একই ধরনের সমস্যায় পড়বেন।জুলিয়ার পড়ে যাওয়ার দৃশ্যটি ইন্টারনেটে ছাড়া হয়েছে। ইন্টারনেটে ব্যাপক মানুষ ওই ভিডিও ফুটেজটি দেখছে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মার্কিন গণমাধ্যমে ঘটনাটি ফলাও প্রচার করা হয়। সিডনির ট্যাবলয়েড ডেইলি টেলিগ্রাফ-এর প্রথম পাতায় ছবি দেওয়া হয়েছে। শিরোনাম করা হয়, ‘কৃপা থেকে প্রধানমন্ত্রীর পতন’। কলাম লেখকেরা মজা করে উঁচু হিল পরলে ঘাসে কী কী সমস্যা করে, তা নিয়ে আলোচনা করছেন। সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা শিরোনাম করেছে, ‘জুলিয়া গিলার্ডের ভারত সফর পড়িমরি অবস্থা’।গত জানুয়ারিতে জুলিয়াকে প্রতিবাদকারীদের হাত থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় জুতা হারানো যায়। আরেকটি ঘটনা ঘটে সিনডি কাস্টম হাউসে। তিনি মঞ্চে হোঁচট খান। এতে তাঁর একটি জুতা খুলে পড়ে। তবে পড়ে যাওয়ার ঘটনা এই প্রথম। এএফপি।