জুনায়েদ-স্যালাটিদের মর্মস্পর্শী বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রের কানসাসনিবাসী ৪৫ বছর বয়সী ম্যাডিনা স্যালাটি। গত পাঁচ মাস ধরে তিনি স্বামীর সঙ্গে কাটানো আনন্দের মুহূর্ত ধারণ করেছেন নিজের মোবাইল ফোনের ক্যামেরায়। পোষা কুকুরকে সঙ্গে নিয়ে স্বামীর হাঁটতে যাওয়া, পছন্দের রেস্তোরাঁয় খাওয়া, শপিং মলে কেনাকাটা, ম্যাকডোনাল্ড থেকে কফি কেনা—অশ্রুসিক্ত চোখে এসব দৃশ্য ধারণ করেছেন তিনি। তাঁর কাছে প্রতিটি মুহূর্তই ছিল অমূল্য। কেননা তাঁর প্রাণপ্রিয় স্বামী জুনায়েদকে যুক্তরাষ্ট্র সরকার সে দেশ থেকে বের করে দিচ্ছে। স্যালাটিকে ছেড়ে চিরতরে মাতৃভূমি বাংলাদেশে চলে যেতে হচ্ছে তাঁকে।
গতকাল রোববার ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে স্ত্রীর সঙ্গে জুনায়েদের বিচ্ছেদের এ চিত্র উঠে আসে। এতে জুনায়েদের মতো যুক্তরাষ্ট্র থেকে বের হতে বাধ্য হওয়া ব্যক্তিদের করুণ অবস্থা ফুটে উঠেছে।
জুনায়েদের যুক্তরাষ্ট্র গমন
২০ বছর আগে ১৯৯৪ সালে শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জুনায়েদ। সদ্য কৈশোর পার হওয়া জুনায়েদের চোখে সে সময় ছিল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। তবে বাড়ি থেকে টাকার জোগান বন্ধ হয়ে যাওয়ায় মাঝপথেই থেমে যায় জুনায়েদের পড়াশোনা। জীবনধারণের জন্য যুক্তরাষ্ট্রের খুচরা প্রতিষ্ঠান ‘বেস্ট বাই’-এর একটি দোকানে কাজ শুরু করেন। কিছুদিন পরই ফুরিয়ে যায় শিক্ষার্থী ভিসার মেয়াদ। কিন্তু পেছনে ফিরে তাকানোর সুযোগ বা ইচ্ছে কোনোটিই ছিল না জুনায়েদের। তাই ভিসা ছাড়াই একে একে ১৫ বছর যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেন তিনি।
স্যালাটির সঙ্গে পরিচয়, পরিণয় অতঃপর বিয়ে
কানসাসের লরেন্স শহরের একটি নাইট বারে রাশিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ম্যাডিনা স্যালাটির সঙ্গে পরিচয় হয় জুনায়েদের। উচ্ছল ও চটপটে স্যালাটিকে প্রথম দর্শনেই ভালো লেগে যায় তাঁর। আর লম্বা, কালো মতোন জুনায়েদকে বেশ সুদর্শন ও শান্তশিষ্ট ভালো মানুষ মনে হয় স্যালাটির।
পরিচয়ের পরই জুনায়েদ স্যালাটিকে জানিয়ে দেন, তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বাস করছেন। বিষয়টি হেসেই উড়িয়ে দিয়ে স্যালাটি বলেন, ‘এতে কোনো সমস্যা হবে না।’ এভাবেই তাঁদের পরিণয়ের শুরু। এ পরিণয় পরিণতির দিকে গড়াতে বেশি দিন সময় নেয়নি।
বিয়েতে জুনায়েদকে চমকে দিতে শুভ্র গাউনের বদলে লাল শাড়ি ও হাতে মেহেদি পরেছিলেন স্যালাটি।
বিয়ের পর লস অ্যাঞ্জেলেস ছেড়ে জুনায়েদের হাত ধরে কানসাসে বসতি গড়েন নববধূ। সঙ্গে নিয়ে আসেন বৃদ্ধা মাকে। সেখানে ভালোই কাটছিল তাঁদের দিনগুলো।
যেভাবে ধরা পড়লেন জুনায়েদ
২০০৯ সালে কাজ শেষে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন জুনায়েদ। এর ফলে ছোটখাটো দুর্ঘটনা বাধিয়ে বসেন তিনি। আর এতেই প্রথমবারের মতো কর্তৃপক্ষের নজরে আসেন। তখন থেকেই তাঁর পতনের শুরু। মার্কিন সরকার তাঁর কাগজপত্র ঘাঁটতে শুরু করে। জুনায়েদ-স্যালাটি দম্পতির ধারণা ছিল, মার্কিন নাগরিককে বিয়ে করার সুবাদে ছাড় পেয়ে যাবেন জুনায়েদ। তবে বিধি বাম!
যুক্তরাষ্ট্রের ১৯৯৬ সালের সংশোধিত অভিবাসী আইন অনুযায়ী মার্কিন নাগরিককে বিয়ের মাধ্যমে কোনো ব্যক্তির অভিবাসন আইন লঙ্ঘনের ‘পাপমোচন’ সম্ভব নয়।
বৈধ নাগরিকে রূপান্তরিত হতে জুনায়েদ নিজে ও স্যালাটি কম কাঠখড় পোড়াননি। আইনজীবীর শরণাপন্ন হওয়া, কাঁড়ি কাঁড়ি টাকা খরচ, অবৈধ অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের কাছে ধরনা দেওয়া—কোনো কিছুই বাকি দেননি তাঁরা। কিন্তু জুনায়েদকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থেকে বিন্দুমাত্র টলাতে পারেননি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের সরকারকে।
বাজল বিদায়ঘণ্টা
প্রিয়তম স্বামীর বাধ্যতামূলক দেশে ফিরে যাওয়া কোনোভাবেই মানতে পারছিলেন না স্যালাটি। স্বামী বিচ্ছেদের এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্রমেই অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি।
জুনায়েদের শেষ দিনগুলোর ভিডিওচিত্র ধারণ করতে করতে স্যালাটি স্বামীকে বলেন, ‘তুমি চলে যাওয়ার পর আমি দৃশ্যগুলো দেখব আর ভাবব, তুমি আমার সঙ্গেই আছ। আমরা তোমাকে মিস করব।’ জুনায়েদ স্যালাটিকে সান্ত্বনা দেওয়া চেষ্টা করে বলেন, ‘শক্ত হওয়ার চেষ্টা করো, প্রিয়।’
তবে প্রিয় মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করা সম্ভব হলেও সময়কে ধরে রাখা যায়নি। দ্রুতই ঘনিয়ে আসে জুনায়েদের প্রস্থানের দিন। ১৭ মে নিজে গাড়ি চালিয়ে জুনায়েদকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসেন স্যালাটি। সেখানের প্রতি মুহূর্তও ক্লিকে ক্লিকে ধরে রাখতে চাইছিলেন। অবশেষে জুনায়েদকে বিদায় জানাতেই হলো।
যাওয়ার আগে তাঁরা পরস্পরকে বারবার বলেন, ‘আমরা ভালো থাকব’, ‘আমরা ভালো থাকব’।
স্বামী বিচ্ছেদের বেদনায় কাতর স্যালাটি ইন্টারনেটে অবৈধ অভিবাসীদের পরিবারের সদস্যদের খোলা একটি গ্রুপে সদস্য হওয়ার পর জানতে পারেন, তাঁর মতো অনেকেই স্বজন হারানোর বেদনায় দিনযাপন করছেন। তিনি জানতে পারেন, জুনায়েদের মতো যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাস করছেন বিশ্বের নানা দেশের অসংখ্য মানুষ। ধরা পড়ার পর যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসী আইনের কারণে তাঁদেরও জুনায়েদের মতো নিয়তি বরণ করে নিতে হচ্ছে।
পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে প্রতিবছর এক লাখ মানুষ তাঁর অভিভাবক বা স্বামী-স্ত্রীর কাছ থেকে এভাবে আলাদা হচ্ছেন। অবৈধ অভিবাসীদের এক-চতুর্থাংশের স্বামী-স্ত্রী বা সন্তান মার্কিন নাগরিক।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন।