জুনিয়র ট্রাম্পের সেই বৈঠকে সোভিয়েত গোয়েন্দা ছিলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (বাঁয়ে) ও রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিৎসকায়া। ছবি: এএফপি
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (বাঁয়ে) ও রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিৎসকায়া। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তা রিনাত আখমেতসিন বৈঠক করেন। গত বছর ট্রাম্প টাওয়ারে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান রুশ লবিস্ট রিনাত আখমেতসিন তাঁর ওই বৈঠকের বিষয়টি মার্কিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে খবর বের হয়—মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের মধ্যে ২০১৬ সালের ৯ জুন ট্রাম্প টাওয়ারে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও নাতালিয়া ভেসেলনিৎসকায়ার নামের একজন রুশ আইনজীবীর বৈঠক হয়। ওই বৈঠকের খবর প্রকাশিত হওয়ার পর তাঁরা দুজনই বৈঠকের কথা স্বীকার করেন। তবে সেখানে নির্বাচন প্রভাবিত করার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা দুজনই অস্বীকার করেন।

পরে ট্রাম্প জুনিয়র স্বীকার করেন, এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, হিলারি ক্লিনটন সম্পর্কে এমন কিছু তথ্য দেওয়ার প্রতিশ্রুতি ওই আইনজীবী দিয়েছিলেন, যা তাঁর নির্বাচনী প্রচারের জন্য ক্ষতির কারণ হতে পারে। কিন্তু নাতালিয়া সে রকম কোনো তথ্যই তাঁকে দিতে পারেননি। নাতালিয়া অবশ্য প্রথম থেকেই বলে আসছেন, তাঁর সঙ্গে ট্রাম্প জুনিয়রের নির্বাচন নিয়ে কোনো কথাই হয়নি।

গত রোববার ট্রাম্প জুনিয়র তদন্তকারীদের জানান, নাতালিয়ার সঙ্গে বৈঠকের সময় তাঁর বোন ইভানকা ট্রাম্পের স্বামী জ্যারেড কুশনার এবং সেই সময়কার ট্রাম্প শিবিরের প্রচারপ্রধান পল জে ম্যানাফোর্ট সেখানে উপস্থিত ছিলেন।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। তবে এ অভিযোগ প্রথম থেকেই হোয়াইট হাউস ও মস্কো অস্বীকার করে আসছে। এ নিয়ে তদন্ত চলছে। এরই অংশ হিসেবে ট্রাম্পের ঘনিষ্ঠজনদের সঙ্গে রাশিয়ার কোনো সংযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) ও মার্কিন কংগ্রেস। তদন্তকারী সংস্থাগুলো মনে করছে, হিলারির নির্বাচনী প্রচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে ক্রেমলিন ভূমিকা রেখেছিল। তবে বিষয়টির সপক্ষে এখনো যথেষ্ট প্রমাণ তাদের হাতে নেই।