জুবিন মেহতার সুরে মন্ত্রমুগ্ধ কাশ্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবিন মেহতা
জুবিন মেহতা

সংশয় ছিল, হয়তো কিছু আশঙ্কাও। কিন্তু জুবিন মেহতার পরিচালনা ও বাভারিয়ান স্টেট অর্কেস্ট্রার পরিবেশনায় বিঠোফেন, হাইডেন ও চাইকোভস্কির সুরের মূর্ছনায় সেই সংশয় বা আশঙ্কা ভূস্বর্গ কাশ্মীরের রাজধানী শ্রীনগরের টলটলে ডাল লেকে নিমজ্জিত হলো গতকাল শনিবার অপরাহে।
দেশ-বিদেশের আমন্ত্রিত দুই হাজার সংগীতপ্রেমী এবং সারা পৃথিবীর ৭০টি দেশের মানুষ সাক্ষী থাকলেন এক বিরল অনুষ্ঠানের, যার মূল উদ্দেশ্য ছিল সংগীতের মাধ্যমে ক্ষত-বিক্ষত কাশ্মীরি হূদয়ে শান্তির ললিতবাণী পৌঁছে দেওয়া।
সংশয়ের পাশাপাশি আশঙ্কা বড় হয়ে দেখা দিয়েছিল কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি ও হুরিয়ত কনফারেন্স এই সংগীতানুষ্ঠানের বিরোধিতা করায়। তারা উপত্যকায় বনেধর ডাকও দিয়ে রেখেছিল। বিচ্ছিন্নতাবাদীদের দাবি, এমন একটি আন্তর্জাতিক সংগীতানুষ্ঠান কাশ্মীরের বিতর্কিত অবস্থানকে বৈধতা দেবে।
সব আশংকা উপেক্ষা করে নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া ডাল লেক তীরবর্তী ঐতিহাসিক শালিমার বাগে শুরু হয় জুবিন মেহতার সুরের জাদু। সেই জাদু-মুহূর্তগুলো উপহার দেওয়ার প্রাক-মুহূর্তে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন এই বলে যে ‘কথা দিচ্ছি, পরের বার এই কাশ্মীরে লাখো মানুষের সামনে নিবেদন করব।’
বিশ্বনন্দিত সংগীত পরিচালক জুবিন মেহতা সেই প্রতিশ্রুতি পূরণের আগে তাঁর অনুষ্ঠান শুরু করলেন কাশ্মীরের নিজস্ব ঘরানা ‘সোজ-ও-সাজ’-এর শিল্পীদের সঙ্গে বাভারিয়ান স্টেট অর্কেস্ট্রার যুগলবন্দী দিয়ে। মুহূর্তে বদলে গেল আবহ। সংগীত ছুঁয়ে গেল আড়াই দশকের বেদনাহত ও বিদীর্ণ কাশ্মীরি-হূদয়।
বিচ্ছিন্নতাবাদীদের সেই আপত্তির পাল্টা শোনা গেছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কথায়। তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০০৮ সালে পাকিস্তানের ব্যান্ড ‘জুনুন’ যখন উপত্যকায় অনুষ্ঠান করেছিল, তখন কেউ আপত্তি করেনি।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জার্মান দূতাবাস। রাষ্ট্রদূত মাইকেল স্টেইনার বললেন, ‘মিউনিখ ও শ্রীনগরের দূরত্ব সাত হাজার ৭৬ কিলোমিটার। কিন্তু আজ তা কমে শূন্য হয়ে গেল। সংগীত বিভেদ সৃষ্টি করে না, হূদয়ের সঙ্গে হূদয়কে জোড়ে।’
ভারতীয় দূরদর্শন এই অনুষ্ঠান পৃথিবীর ৭০টি দেশে সরাসরি সম্প্রচার করে।