জুরাসিক প্রাণীর দুধদাঁত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের স্কাই দ্বীপে সাড়ে ১৬ কোটি বছর আগে একধরনের স্তন্যপায়ী প্রাণীর বসবাস ছিল। যুক্তরাজ্যের একদল জীবাশ্মবিদ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এমন ইঙ্গিত পেয়েছেন।

আদি প্রাণীটির (ওয়্যারেওলেস্টেস রেক্স) শিশুর জীবাশ্ম বা ফসিল বিশ্লেষণ করে ওই বিজ্ঞানীরা দুধদাঁতের চিহ্ন দেখতে পান। জুরাসিক যুগের মাঝামাঝি পর্যায়ে ওই স্তন্যপায়ী প্রজাতিটি স্কাই এলাকায় ঘুরে বেড়াত। সেখানে ২০১৫ সালে প্রাণীটির দুই সেন্টিমিটার চোয়াল পাওয়া যায়। চীনের বাইরে কোনো আদি স্তন্যপায়ীর এ রকম পূর্ণ ফসিলপ্রাপ্তির ঘটনা বিরল।

স্কটল্যান্ডের এডিনবরায় অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল জীবাশ্মবিদ মাইক্রো-সিটি স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে ওই ফসিল বিশ্লেষণ করে দুধদাঁত, পূর্ণবয়স্ক দাঁত ও মাড়ির গঠন দেখে প্রাণীটির বৈশিষ্ট্যের ব্যাপারে ইঙ্গিত পান।

বিজ্ঞানীদের মতে, দাঁতের গঠন-বৈশিষ্ট্যের পরিবর্তন স্তন্যপায়ীর ক্রমবিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। ব্যাপারটা শিশুসন্তানদের খাওয়ানোর জন্য প্রাণীটির শরীরে দুধ উৎপাদনের সঙ্গেও যুক্ত।

গবেষক এলসা প্যানসিরোলি বলেন, এটা একটা উৎসাহব্যঞ্জক আবিষ্কার। আদি প্রাণীটি নিশ্চয়ই তার সন্তানের যত্ন নিত। এটা আধুনিক স্তন্যপায়ী প্রজাতিগুলোর আচরণের সঙ্গে মিলে যায়।

ডাইনোসরদের আধিপত্যের যুগে ওয়্যারেওলেস্টেস রেক্স নামের স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা ছিল উল্লেখযোগ্য। আকারে এরা গিনিপিগের মতো বড় হতো। জুরাসিক যুগের মাঝামাঝি পর্যায়ে স্কাই এলাকায় অগভীর জলাশয়গুলো কচ্ছপ, কুমির, টেরোসর ও ডাইনোসরে ভরপুর ছিল। স্কটল্যান্ডের মূল ভূখণ্ডের চারপাশে তখন ক্রান্তীয় সাগরের কাছাকাছি বৈশিষ্ট্যের জলাশয় ছিল। সেখানে সামুদ্রিক সরীসৃপ ও অন্যান্য প্রাণীর আবাস ছিল।