জুলির সঙ্গে ওলাঁদের ছবি দেখে হাসপাতালে ফার্স্ট লেডি

স্বামী ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে অভিনেত্রী জুলি গায়েতের অন্তরঙ্গ সম্পর্কের খবর পেয়েই গত শুক্রবার ফ্রান্সের ফার্স্ট লেডি ভেলিরিয় ত্রিয়াবেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়। ফার্স্ট লেডির কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি বিশ্রাম ও স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। আজ সোমবার তিনি হাসপাতাল ছাড়বেন বলে আশা করা হচ্ছে।
গত শুক্রবার ফ্রান্সের বিনোদনবিষয়ক সাপ্তাহিক ট্যাবলয়েড ক্লোজার ফ্রাঁসোয়া ওলাঁদের (৫৯) সঙ্গে অভিনেত্রী জুলি গায়েতের (৪১) বেশ কিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ করে। ওই অভিনেত্রীর সঙ্গে ওলাঁদ সম্পর্কে জড়িয়েছেন বলে খবর প্রকাশ করে পত্রিকাটি।
জুলি গায়েত ফ্রান্সের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের নামকরা অভিনেত্রী। ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ওলাঁদের নির্বাচনী প্রচারণার এক বিজ্ঞাপনেও মডেল ছিলেন তিনি।
পত্রিকায় প্রকাশিত খবরে জানানো হয়, সরকারি বাসভবন এলিসি প্রাসাদের কাছেই একটি বাড়িতে মিস গায়েতের সঙ্গে রাত যাপন করেন ওলাঁদ। ছবিতে দুজনকে একসঙ্গে সেখানে যেতেও দেখা গেছে। এ সময় ওলাঁদ একটি হেলমেট পরেছিলেন।
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সরাসরি ব্যাপারটি অস্বীকার করেননি। তবে তিনি এক ব্যক্তিগত বিবৃতিতে জানান, দেশের সব নাগরিকের মতো তাঁরও কিছু ব্যক্তিগত বিষয় রয়েছে। সেগুলো গোপন রাখার অধিকারও তাঁর আছে। ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন বলেও জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
দেশটির রক্ষণশীল বিরোধীদলীয় নেতা জিন ফ্রানকোইস কোপ বলেন, এই ‘নাটক’ বহির্বিশ্বে ফ্রান্সের ইমেজ নষ্ট করে দিয়েছে।
সম্প্রতি এক জনমত জরিপে দেখো গেছে, এই প্রজন্মের কাছে ওলাঁদে সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট। মাত্র ২৫ শতাংশ লোক তাঁকে বিশ্বাস করে। ফ্রান্সের গণমাধ্যমগুলোকে গোপনীয়তা আইন কঠোরভাবে মেনে চলতে হয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বড় বড় মানুষের ব্যক্তিগত জীবনের গোপন বিষয়গুলো ধীরে ধীরে প্রকাশিত হয়ে পড়ছে। তবে জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ফ্রান্সের লোকজন রাজনীতিকদের ব্যক্তিগত জীবন প্রকাশের বিপক্ষে।
গত রোববার প্রকাশিত ওই জরিপের ফলাফলে দেখা গেছে, প্রতি চারজনের মধ্যে তিনজন মনে করেন, জুলি গায়েতের সঙ্গে প্রেসিডেন্ট ওলাঁদের সম্পর্ক তাঁর ব্যক্তিগত বিষয়।