জুলিয়া গিলার্ডের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেন কেভিন রাড
অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল লেবার পার্টির নেতৃত্বের প্রশ্নে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন পদত্যাগ করা পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড। আগামী সোমবার দলের আইনপ্রণেতারা দলীয় নেতা নির্বাচনে ভোট দেবেন। রাডের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী গিলার্ড।পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় প্রধানমন্ত্রী গিলার্ডের সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে গত বুধবার পদত্যাগ করেন রাড। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে ওয়াশিংটনে সংবাদ সম্মেলনও করেন তিনি। এর মধ্যে দেশে ফিরেছেন রাড। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা রাড গতকাল শুক্রবার বলেন, ‘অস্ট্রেলিয়ার জনগণ যে কারণে আমাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল, আবার প্রধানমন্ত্রী হয়ে সেই কাজ শেষ করতে চাই।’ প্রধানমন্ত্রী গিলার্ডের সমালোচনা করে রাড বলেন, জনগণ গিলার্ডের ওপর আস্থা হারিয়েছে। গিলার্ড আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দিলে দল ধ্বংস হয়ে যাবে। আমি দলের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এ কারণে লেবার পার্টির নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী গিলার্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’গিলার্ডের নেতৃত্বে ২০১৩ সালের শেষদিকে লেবার পার্টির নেতাদের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা।বর্তমান পরিস্থিতিতে দলের সহকর্মী জ্যেষ্ঠ মন্ত্রীদের কাছ থেকে ব্যক্তিগত কঠোর সমালোচনার শিকার হচ্ছেন রাড। তিনি এসব সমালোচনার জবাবে বলেন, ‘আমি নেতা হিসেবে নিখুঁত’ এটা বলব না। তবে ‘খারাপ মানুষও নই।’ রাড বলেন, অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল লেবার পার্টিতে অনেক নেতা আছেন, যাঁদের কোনো চরিত্র নেই। তাঁরাই তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণাত্মক কথা বলেছেন। ২০১০ সালের জুনে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেওয়ার সময়ও একই পদ্ধতিতে তিনি ব্যক্তিগত আক্রমণের শিকার হন বলে উল্লেখ করেন।গিলার্ডের সঙ্গে রাডের দ্বন্দ্বের সূচনা মূলত ২০১০ সাল থেকে। তৎকালীন উপপ্রধানমন্ত্রী গিলার্ড কিছু বিষয় নিয়ে রাডের নেতৃত্ব চ্যালেঞ্জ করেন। ভোটে রাড পরাজিত হলে প্রধানমন্ত্রী হন গিলার্ড। এএফপি, রয়টার্স।