জেএমএমের সমর্থন প্রত্যাহার, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী অর্জুন মান্ডা গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ঝাড়খন্ড রাজ্য সরকার থেকে সমর্থন প্রত্যাহার করায় পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। মুখ্যমন্ত্রী অর্জুন মান্ডা গতকাল রাঁচিতে রাজভবনে গভর্নর সাইদ আহমেদের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এ সময় তিনি ৮২ আসনের বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন। রাজভবন সূত্রে জানা যায়, গভর্নর সাইদ আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে অর্জুন মান্ডার প্রতি আহ্বান জানিয়েছেন।অর্জুন মান্ডা বলেন, ‘আমার পদত্যাগপত্র জমা দেওয়ার পাশাপাশি বিধানসভা ভেঙে দিতে মন্ত্রিপরিষদের সুপারিশ গভর্নরের কাছে পেশ করেছি।’ তিনি জানান, মঙ্গলবার সকালে মন্ত্রিসভার সাত সদস্যের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্য হিন্দু।