জেনারেল গিয়াপের শেষকৃত্যে লাখো মানুষ

ভিয়েতনামের স্বাধীনতাযুদ্ধের বীর সেনা জেনারেল ভো নগুয়েন গিয়াপের দুদিনব্যাপী শেষকৃত্যানুষ্ঠান গতকাল রোববার শেষ হয়েছে। গতকালই তাঁকে সমাহিত করার কথা। শেষকৃত্যানুষ্ঠানের সময় ভিয়েতনামের লাখো মানুষ রাস্তায় নামে। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে ভিয়েতনামের যুদ্ধজয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গিয়াপ। জাতীয় পতাকায় মোড়ানো গিয়াপের মরদেহ গতকাল সামরিক বাহিনীর ট্রাকে করে রাজধানী হ্যানয়ের মধ্য দিয়ে নেওয়ার সময় শোকাহত হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। অনেকেই এ সময় হাঁটু গেড়ে বসে প্রার্থনা করে। কিছু লোককে ‘জেনারেল গিয়াপ অমর হোন’ বলে চিৎকার করতে শোনা যায়। পরে হ্যানয় বিমানবন্দর থেকে বিমানে করে গিয়াপের মরদেহ সমাহিত করতে তাঁর নিজ প্রদেশে কুয়াং বিনহতে নেওয়া হয়। সেখানকার একটি প্রত্যন্ত এলাকায় গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় মরদেহ সমাহিত করার কথা। জেনারেল গিয়াপ ৪ অক্টোবর ১০২ বছর বয়সে মারা যান। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রণক্ষেত্রে ভিয়েতনামের জয়ের স্থপতি ছিলেন তিনি। এএফপি।