জেনারেলফনসেকাকে গ্রেপ্তারের ঘটনায় বান কি মুনের উদ্বেগ
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক সেনাপ্রধান জেনারেল শরত্ ফনসেকার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের কাছে টেলিফোন করে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিকে গতকাল বৃহস্পতিবার ফনসেকার স্ত্রী অ্যানোমা ফনসেকা বলেছেন, শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তাঁর স্বামী।সরকারের বিরুদ্ধে যড়যন্ত্র করার অভিযোগে গত সোমবার ফনসেকাকে গ্রেপ্তার করে সামরিক পুলিশ। এতে শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থীদের সঙ্গে ফনসেকার সমর্থকদের সংঘর্ষ হয়।গত বুধবার জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, বান কি মুন মঙ্গলবার রাতে রাজাপক্ষের সঙ্গে শ্রীলঙ্কার ঘটনাবলি নিয়ে আলোচনা করেন। এ সময় তাঁদের মধ্যে ফনসেকার গ্রেপ্তারের বিষয়েও আলাপ হয়। শ্রীলঙ্কার সরকারকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি ফনসেকার ব্যক্তিগত নিরাপত্তা বিধানের আহ্বান জানান বান কি মুন।বিবৃতিতে আরও বলা হয়, গত বছর তামিল বিদ্রোহীদের সঙ্গে শ্রীলঙ্কার সামরিক বাহিনীর যুদ্ধের সময় যারা আশ্রয়হীন হয়েছিল, তাদের পুনর্বাসনে বৃহত্তর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন বান কি মুন। নির্বাচনে জয়ী হওয়ায় রাজাপক্ষেকে অভিনন্দন জানান তিনি। এ ছাড়া চলতি মাসে প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর জাতিসংঘের রাজনীতি বিভাগের প্রধান লিন প্যাসকো শ্রীলঙ্কা সফর করবেন বলে বান কি মুন রাজাপক্ষের সঙ্গে একমত হন।এদিকে গতকাল স্বামীর সঙ্গে দেখা করে এসে রাজধানী কলম্বোয় নিজ বাড়িতে অ্যানোমা ফনসেকা সাংবাদিকদের বলেন, ‘তিনি (ফনসেকা) শ্রীলঙ্কার জনগণ, বিশেষ করে সেনাসদস্যদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তারা (রাজাপক্ষের সরকার) আমার স্বামীর মনোবল ভাঙার চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি।’ নৌবাহিনীর একটি বন্দিশালায় আটক ফনসেকার সঙ্গে দেখা করেন অ্যানোমা। তিনি আরও জানান, তাঁর স্বামী যাতে নিয়মিত চিকিত্সাসেবা পান তা নিশ্চিত করতে আন্তর্জাতিক রেডক্রসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে তিনি এও জানান, সরকার এ ধরনের কোনো সুবিধা দেবে না বলে জানিয়েছে।স্বামীর প্রাণনাশের আশঙ্কার কথা উল্লেখ করে অ্যানোমা দাবি করেন, ফনসেকার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সামরিক আইন ভঙ্গের অভিযোগ আনা হয়নি। সরকার এখনো তাঁর বিরুদ্ধে অভিযোগ খুঁজে বেড়াচ্ছে।শ্রীলঙ্কার বিরোধী দলগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট রাজাপক্ষের ওপর চাপ বাড়াতে তারা দেশের প্রভাবশালী বৌদ্ধধর্মগুরুদের সহযোগিতা নেবে। বিরোধীদলীয় নেতা কারু জয়াসুরিয়া বলেন, ‘আগামীকাল (আজ শুক্রবার) ফনসেকাকে যখন আদালতে নেওয়া হবে, তখন আমরা বিক্ষোভ না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে সরকারের ওপর প্রভাব ব্যবহার করতে আমরা বৌদ্ধধর্মগুরুদের আহ্বান জানিয়েছি।’তামিল গেরিলাদের সঙ্গে চলা তিন দশকের গৃহযুদ্ধের অবসানে রাজপক্ষে ও শরত্ ফনসেকা একসঙ্গে কাজ করেছেন। কিন্তু যুদ্ধের পর এর সাফল্যের দাবি নিয়ে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজাপক্ষের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলেন ফনসেকা। এএফপি, রয়টার্স অনলাইন।