জেনারেলের 'ধর্ষকপুত্রের' ১০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগে চীনের এক প্রভাবশালী জেনারেলের ছেলে লি তিয়ানিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। উত্তর-পশ্চিম বেইজিংয়ের হাইদিয়ান আদালতে তাঁর বিচার হয়। বিচারে তাঁর চার সহযোগীকেও ৩ থেকে ১২ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তিয়ানি ও তাঁর চার সহযোগী মদ্যপ অবস্থায় গত ফেব্রুয়ারি মাসে বেইজিংয়ের এক হোটেলে এক নারীকে ধর্ষণ করেন।

তবে লি তিয়ানি ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই নারী একজন যৌনকর্মী ছিলেন।

তিয়ানির বাবা জেনারেল লি সুয়ানজিয়াং টেলিভিশনে দেশাত্মবোধক গান পরিবেশনের জন্য পরিচিত। তিয়ানির মা মেং গেও চীনা লিবারেশন আর্মির একজন সুপরিচিত গায়িকা।

তিয়ানি এর আগেও আইন ভঙ্গ করে জনরোষে পড়েছিলেন। ২০১১ সালে বেইজিংয়ে নম্বরপ্লেটবিহীন গাড়ি চালানোর সময় এক দম্পতির গাড়িকে আঘাত করেন তিয়ানি। ওই গাড়িতে থাকা দম্পতিকে লাঞ্ছিত করেন। এ ঘটনা পুলিশকে না জানাতেও হুমকি দেন তিয়ানি। ওই ঘটনায় তিয়ানিকে এক বছরের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।