ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় ছয় জাতির সঙ্গে দেশটির আলোচনা গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে গড়িয়েছে। বুধবার শুরু হওয়া এই আলোচনার প্রথম দিন ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে জানানো হয়েছে। আলোচনা আজ শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে।
জেনেভায় গত বুধবারের আলোচনা শুরু করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। ওই আলোচনাকে ‘ইতিবাচক’ বলে বর্ণনা করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, আলোচনায় ইরানের সঙ্গে অন্তর্বর্তী সময়ের জন্য কোনো সমঝোতা হলেও তেহরানের ওপর চলমান আন্তর্জাতিক ও মার্কিন নিষেধাজ্ঞাগুলো বলবৎ থাকবে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভালো সুযোগ এসেছে। আর জেনেভা আলোচনার মাধ্যমে ইরানকে তার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর সুযোগ নিতে দেওয়া হবে না।
গত বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর জন কেরি এ কথা বলেন।
জন কেরি আরও বলেন, ‘জেনেভা আলোচনায় আমরা এমন কোনো সমঝোতা করব না, যার মাধ্যমে তেহরান তার পারমাণবিক সামর্থ্য বাড়িয়ে নিতে সময় বৃদ্ধি করার মতো কূটচাল দিতে পারবে। এমন সমঝোতাও হবে না, যা আমাদের মূল্যবোধ ও মৌলিক উদ্দেশ্যের পরিপন্থী।’
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক বোমার সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না। রাশিয়া সফররত নেতানিয়াহু মস্কোয় ইহুদি সম্প্রদায়ের এক অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি অঙ্গীকার করছি, ইরানকে পারমাণবিক বোমা তৈরি করতে দেওয়া হবে না।’
উল্লেখ্য, ইউরেনিয়াম ধাতুকে একটি নির্দিষ্ট মাত্রায় সমৃদ্ধ করতে পারলে তা পারমাণবিক অস্ত্র নির্মাণে কাজে লাগানো সম্ভব। ইরান তার কাছাকাছি পর্যায়ে রয়েছে। তবে দেশটি বরাবরই বলে আসছে, তাদের এ কর্মসূচির লক্ষ্য একান্তই বেসামরিক। বিবিসি, সিএনএন ও এএফপি।