সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় চলমান আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার অচলাবস্থা নিরসনে ব্যর্থ হওয়ার পর জাতিসংঘের দূত লাখদার ব্রাহিমি বুধবার (গতকাল) নতুন করে আলোচনা শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন।
সিরিয়ায় রক্তপাত বন্ধের পথ খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে গত শনিবার জেনেভায় দুই পক্ষের মধ্যে প্রথম সরাসরি আলোচনা শুরু হয়। এর অংশ হিসেবে মঙ্গলবারের আলোচনায় সিরিয়ার ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গ তোলার কথা ছিল।
গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার সকালে দুই পক্ষের আলোচনাও শুরু হয়। কিন্তু একপর্যায়ে অচলাবস্থার সৃষ্টি হয়। এরপর ব্রাহিমি সন্ধ্যার আলোচনা বাতিল ঘোষণা করেন। তবে তিনি আশা প্রকাশ করেন, বুধবার দুই পক্ষের মধ্যে ‘অপেক্ষাকৃত ভালো আলোচনা হবে’। ব্রাহিমি সাংবাদিকদের বলেন, ‘কেউ আলোচনার প্রক্রিয়া থেকে বের হয়ে যাননি। আমরা হয়তো এখন পর্যন্ত কোনো কিছু অর্জন করতে পারিনি, কিন্তু আলোচনায় আছি। আমি মনে করি, এটা যথেষ্ট।’
সিরিয়ার বিদ্রোহীদের প্রতিনিধিদলের সদস্য রিমা ফ্লেইহান সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। তিনি বলেন, ‘সরকারি প্রতিনিধিরা সহযোগিতা করছেন না বলেই লাখদার ব্রাহিমি আলোচনা মূলতুবি করেছেন।’
মঙ্গলবার সকালে আলোচনার শুরুতেই সরকারি প্রতিনিধিরা একটি বিবৃতি তুলে ধরেন। ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র আবারও সিরিয়ার ‘সন্ত্রাসীদের’ অস্ত্র সরবরাহের চিন্তাভাবনা করছে। যা রাজনৈতিক সমাধানের অনুকূল নয়।’
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের সূত্র ধরে সরকারি প্রতিনিধিরা ওই বিবৃতি দেন। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, ‘মধ্যপন্থী’ বিদ্রোহীদের অস্ত্রের জন্য অর্থায়ন করতে মার্কিন কংগ্রেস গোপন অনুমোদন দিয়েছে। সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মুকদাদ অভিযোগ করে বলেন, ওয়াশিংটন চলমান শান্তিপ্রক্রিয়ার ‘সাফল্যের ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না’।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে সিরিয়া সরকারের তোলা সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। এএফপি।