জেনেভা সম্মেলনে যোগ দিতে শর্ত দিল বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া সংকট সমাধানে আগামী মাসে অনুষ্ঠেয় জেনেভা ২ শান্তি সম্মেলনে যোগ দিতে দেশটির বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রেন্ডস অব সিরিয়া। তবে বিদ্রোহীরা সম্মেলনে যোগ দেওয়ার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগসহ বেশ কয়েকটি শর্ত দিয়েছে।
সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমা ও আরব বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশের সমন্বয়ে গঠিত জোট ফ্রেন্ডস অব সিরিয়া। এই জোট গত মঙ্গলবার লন্ডনে বৈঠক করে জেনেভা ২ শান্তি সম্মেলনে যোগ দিতে বিদ্রোহীদের প্রতি আহ্বান জানায়।
বৈঠকে অংশ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ফ্রেন্ডস অব সিরিয়ার দৃষ্টিভঙ্গি হলো সম্মেলনে অবশ্যই সিরিয়ায় রাজনৈতিক পালাবদলের বিষয়টি থাকতে হবে। সিরিয়ায় সরকার বদলের বিষয়টিতে দেশটির বিরোধীদের জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের মতামতের ভিত্তিতে হতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আশা প্রকাশ করেন, সুনির্দিষ্ট পরিকল্পনামতোই জেনেভা ২ সম্মেলন অনুষ্ঠিত হবে। সিরিয়ার বিদ্রোহীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আলোচনার টেবিলেও জয়ী হতে পারেন...মাঠের লড়াইয়ে জিততে হলে প্রাণহানি আরও বাড়বে।’
লন্ডন বৈঠকে অংশ নেওয়ার পর সংবাদ সম্মেলনে কয়েকটি শর্ত তুলে ধরেন সিরিয়ার বাশারবিরোধী বিদ্রোহীদের প্রতিনিধি আহমেদ জাবরা। তিনি বলেন, ‘আমাদের জনগণের রক্তপাত ঘটানোর জন্য যারা দায়ী, আমরা তাদের অংশ হতে পারি না। সিরিয়ার জনগণ অনেকবার মিথ্যা প্রতিশ্রুতি ও ফাঁকা বুলি পেয়েছে।’
পরে জাবরা কয়েকটি শর্ত তুলে ধরেন। এসব শর্তের মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রেসিডেন্ট বাশারের পদত্যাগ, সিরীয় সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ এলাকাগুলো থেকে বেরিয়ে যাওয়ার নিরাপদ করিডোর, সরকারি বাহিনীর হাতে আটক সাধারণ মানুষদের মুক্তি ও আলোচনার প্রতিটি স্তরে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া।
ফ্রেন্ডস অব সিরিয়া জোটে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়া অন্য দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, মিসর, জর্ডান, কাতার, তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিবিসি ও আল-জাজিরা।