জেনেভা সম্মেলনে যোগ দেবে সিরিয়ার বিরোধীরা
সুইজারল্যান্ডের জেনেভায় আগামী সপ্তাহের শান্তি আলোচনায় যোগ দিচ্ছে সিরিয়ার সরকারবিরোধী রাজনৈতিক জোট। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের সদস্যরা (এসএনসি) ২২ জানুয়ারির বহুল প্রতীক্ষিত ওই শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
তুরস্কের ইস্তাম্বুলে এ ভোটাভুটি হয়। সম্মেলনে যোগ দেওয়ার পক্ষে ভোট পড়েছে ৫৮টি। বিপক্ষে ১৪টি। ভোটাভুটির পর এসএনসির প্রেসিডেন্ট আহমেদ জারবা ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই অপরাধীর (প্রেসিডেন্ট বাশার আল আসাদ) হাত থেকে সিরিয়াকে মুক্ত করতে আমরা জেনেভা আলোচনায় যোগ দিচ্ছি।’
এসএনসির এ সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। যুক্তরাজ্য ও ফ্রান্সও এসএনসির সিদ্ধান্তের প্রশংসা করেছে।
এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারও জেনেভা শান্তি আলোচনায় যোগ দিতে রাজি হয়েছে।
সিরিয়ায় প্রায় তিন বছর ধরে চলা প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারবিরোধী যুদ্ধে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। ২০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। অভ্যন্তরীণভাবে ৬৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।