মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তাঁর আলোচনাকে ‘গঠনমূলক’ বলে অভিহিত করেছেন। গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় কেরি ও লাভরভের মধ্যে ওই আলোচনা শুরু হয়।
এদিকে রাসায়নিক অস্ত্ররোধবিষয়ক চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে সিরিয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সিরিয়ার এই সিদ্ধান্তই প্রমাণ করে, দামেস্ক সংকট সমাধানের ব্যাপারে আন্তরিক।
জেনেভায় কেরি ও লাভরভের মধ্যে আলোচনা চলতি সপ্তাহের শেষ পর্যন্ত চলতে পারে। গতকাল শুক্রবার ওই আলোচনায় জাতিসংঘ ও আরব লিগের সিরিয়াবিষয়ক দূত লাখদার ব্রাহিমির যোগ দেওয়ার কথা।
জন কেরি বৃহস্পতিবারের আলোচনার পর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা অভিন্ন লক্ষ্যে পৌঁছাতে জোরদার চেষ্টা করে যাচ্ছি।’ তিনি জানান, চলতি মাসেই অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশাপাশি সিরিয়া সংকট নিয়ে শান্তি সম্মেলন আয়োজনের তারিখ ঠিক করার চেষ্টা করা হবে। কেরি বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। তবে এর অগ্রগতি হবে জাতিসংঘের অধিবেশন। আর এটা নির্ভর করছে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়ে এই আলোচনার সাফল্যের ওপর।
এদিকে মধ্য এশিয়ার কাজাখস্তানে চীন ও রাশিয়াসহ ছয়টি দেশের জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে গতকাল দেওয়া বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমরা মনে করি, রাসায়নিক অস্ত্রনিরোধ চুক্তিতে যোগ দেওয়ার ব্যাপারে সিরিয়ার সিদ্ধান্তকে সবাই স্বাগত জানাবে।’
এ চুক্তিতে সিরিয়ার যোগ দেওয়ার বিষয়ে জাতিসংঘের একজন দূত বলেন, মার্কিন হামলা এড়াতে রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী সিরিয়া যোগ দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, ‘চুক্তিতে স্বাক্ষরের জন্য সিরিয়াকে আরও কয়েকটি ধাপ পার হতে হবে। আমরা সবকিছু খতিয়ে দেখছি।’
রাসায়নিক অস্ত্রনিরোধবিষয়ক চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে সিরিয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে চীন ও ইরান। এএফপি, বিবিসি ও রয়টার্স।