সিরিয়ার সরকারবিরোধী প্রধান জোট ন্যাশনাল কোয়ালিশনের (এনসি) অন্যতম অংশীদার দ্য সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) জেনেভা শান্তি আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। তার পরও এনসি শান্তি আলোচনায় যোগ দিলে জোট ছাড়ার হুমকি দিয়েছে এসএনসি।
সিরিয়ার চলমান রক্তপাত বন্ধে রুশ-মার্কিন উদ্যোগের অংশ হিসেবে আগামী মাসের মাঝামাঝি সময়ে জেনেভায় শান্তি আলোচনা আয়োজনের প্রচেষ্টা চলছে। জাতিসংঘের তত্ত্বাবধানে ওই শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। এতে সিরিয়ার সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতি নিশ্চিত করার প্রচেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে এসএনসি গতকাল রোববার শান্তি আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকার কথা ঘোষণা করল।
এসএনসির প্রেসিডেন্ট জর্জ সাবরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এসএনসি জেনেভা আলোচনায় যোগ না দেওয়ার পক্ষে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি বলেন, ‘এর মানে হলো আমাদের এমন অবস্থানের পরও এনসি যদি জেনেভা আলোচনায় যোগ দেয়, তাহলে আমরা আর এনসির সঙ্গে থাকব না।’
সাবরা বলেন, সিরিয়ার জনগণ অসহনীয় দুর্দশায় রয়েছে। তাই বতর্মান সরকারের পতন না হওয়া পর্যন্ত এসএনসি কোনো ধরনের আলোচনায় যোগ দেবে না।
এসএনসির নেতা জর্জ সাবরার এই বক্তব্যের জবাবে তার মূল জোট এনসির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এএফপি।