সিরিয়া ইস্যুতে জেনেভায় বিশ্বনেতাদের বৈঠককে ‘ব্যর্থ’ বলে অভিহিত করেছে দেশটির সরকারি গণমাধ্যম। গণমাধ্যমের পাশাপাশি একটি বিরোধী গোষ্ঠী এই বৈঠককে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের সঙ্গে তুলনা করে বলেছে, এটি নিরাপত্তা পরিষদেরই একটি বর্ধিত বৈঠক। তবে অন্য একটি বিরোধী গোষ্ঠী এই বৈঠকের ফলাফলকে ‘কিছুটা ইতিবাচক’ বলে অভিহিত করেছে। গত শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় এক বৈঠকে সিরিয়া সংকট সমাধানে দেশটিতে একটি ঐকমত্যের সরকার গঠনের পরিকল্পনার ব্যাপারে একমত পোষণ করেছে বিশ্বের শক্তিধর দেশগুলো। এই সরকারে বর্তমান সরকারের সদস্য, বিরোধী দল ও অন্যান্য গোষ্ঠী পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যোগ দিতে পারবে। তবে এতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোনো ভূমিকার কথা উল্লেখ করেননি বিশ্বনেতারা। বৈঠকে রাশিয়া ও চীন জোর দিয়ে বলেছে, সিরিয়ার পটপরিবর্তন কীভাবে হবে, তা সিরিয়ার জনগণই নির্ধারণ করবে। অন্য কেউ হস্তক্ষেপ করার আগেই সিরিয়ার জনগণকে এ বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। বৈঠকে আসাদকে সরে দাঁড়াতে সুস্পষ্ট কোনো আহ্বান ছাড়াই একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে মস্কো ও বেইজিংও সই করেছে।সিরিয়ার ক্ষমতাসীন দলের পত্রিকা আল-বাথ বলেছে, ‘সিরিয়া ইস্যুতে জেনেভা বৈঠকের সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মিল রয়েছে। ওই বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর অবস্থান ছিল একই।’বিরোধী গোষ্ঠী লোকাল কো-অর্ডিনেশন কমিটিস (এলসিসি) বলেছে, জেনেভা বৈঠকের ফলাফল আরও একবার গ্রহণযোগ্য একটি অবস্থানে পৌঁছাতে পারার ব্যর্থতাকে প্রমাণ করেছে। দলটি বিশ্বনেতাদের এই চুক্তিকে রুশ নেতাদের দাবিরই ‘ভিন্নরূপে একই ভাষ্য’ বলে অভিহিত করেছে। আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছে মস্কো। আন্তর্জাতিক চাপের মুখেও তারা দামেস্ককে রাজনৈতিক ও সামরিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে।এলসিসি বলেছে, নতুন চুক্তির বলে আসাদ সরকার দমন এবং নির্যাতন ও হত্যাযজ্ঞের মাধ্যমে এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার আরেকটি সুযোগ পাবে। তবে বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল বলেছে, জেনেভা চুক্তিতে কিছু ইতিবাচক দিক রয়েছে। দুটি ভালো দিক রয়েছে চুক্তিতে। একটি হলো, জেনেভায় চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, আসাদের পরিবার আর দেশ শাসন করতে পারবে না। অতএব, আসাদের পরিবার অন্তর্বর্তী সময়েও নেতৃত্ব দিতে পারবে না। আর দ্বিতীয়টি হলো, অন্তর্বর্তী সরকারকে জনগণের বৈধ ইচ্ছা মেনে চলতে হবে। তার মানে আসাদকে চলে যেতে হবে। কেননা, সিরিয়ার জনগণ এরই মধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে যে তারা আর আসাদকে চায় না। এএফপি।