জেনেভায় মুখোমুখি হচ্ছে সিরিয়ার দুই পক্ষ
জেনেভায় সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যকার চলমান সংলাপের দ্বিতীয় দিনে আজ শনিবার একই কক্ষে মুখোমুখি বসবে দুই পক্ষ। যদিও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনের প্রথম দিন সরাসরি আলোচনা ছাড়াই শেষ হয়।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত লাখদার ব্রাহিমি গতকাল শুক্রবার বলেন, সিরিয়াকে বাঁচাতেই এই সম্মেলনে চেষ্টা করা হচ্ছে। দুই পক্ষই তা বুঝতে পেরেছে ।
এদিকে প্রথম দিনে আলোচনার অগ্রগতি না হওয়ায় দুই পক্ষই পরস্পরকে দুষেছে।
কূটনীতিকেরা বলছেন, সামগ্রিক শান্তিচুক্তির পরিবর্তে দুই পক্ষই চাইছে কিছু এলাকায় যুদ্ধবিরতি কার্যকর হোক।
এর আগে দুই পক্ষকে একসঙ্গে বসাতে লাখদার ব্রাহিমি টানা তিন দিন চেষ্টা করেছেন। যদিও গতকাল সরকারপক্ষের প্রতিনিধিরা জরুরি আলোচনা না হলে সংলাপ বর্জনের হুঁশিয়ারি দিয়েছিলেন।
সিরিয়ায় ২০১১ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হয়। এ ছাড়া যুদ্ধে ৯৫ লাখ লোক বাস্তুচ্যুত হয়। ফলে সিরিয়া ও প্রতিবেশী দেশগুলোতে বড় ধরনের মানবিক সংকট সৃষ্টি হয়েছে।