জেরুজালেম দিবস পালন করেছে ইসরায়েল
ইসরায়েল গতকাল রোববার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জেরুজালেম দিবস’ পালন করেছে। দিনটি উদ্যাপনে ইসরায়েলের মন্ত্রিসভা বিশেষ বৈঠক করে। নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ৪৫ বছর আগে ছয় দিনব্যাপী যুদ্ধ শেষে আরবের পূর্বাঞ্চলীয় এই ভূখণ্ডটি দখল করে নেয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল, যা পূর্ব জেরুজালেম নামে পরিচিত। গতকাল সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ব জেরুজালেমের অ্যামিউনিশন হিলে জেরুজালেম দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন।ইসরায়েলের দাবি, ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দেশটির সঙ্গে ‘পুনরায় একীভূত’ হয়েছে। তবে পূর্ব জেরুজালেম ভূখণ্ড ইসরায়েল অধিগ্রহণ করলেও আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে সমর্থন করেনি। আর ওই অধিকারের স্বীকৃতিও আদায় করতে পারেনি দেশটি।অপরদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ চায়, তাদের প্রতিশ্রুত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেমে।দিবসটি উদ্যাপনে প্রথাগত নানা অনুষ্ঠানিকতা, আলোচনা ও ভোজসভার বাইরে ছিল পতাকা মিছিল। শহরজুড়ে কড়া নিরাপত্তার মধ্যে ইসরায়েল রাষ্ট্রীয় এসব আনুষ্ঠানিকতা পালন করেছে। এএফপি।