জেরুজালেমের জন্য ১০০ কোটি ডলার
পূর্ব জেরুজালেমের জন্য ১০০ কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের অনুমোদন দিয়েছে আরব লিগ। সৌদি আরবের জেদ্দায় অবস্থিত দ্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এই তহবিল গঠনের কাজ করবে। গত মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়।মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আরব লিগের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়। প্রথম দিন আয়োজক দেশ কাতারের পক্ষ থেকে উত্থাপিত এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাস করে সংস্থাটির সদস্য দেশগুলো।পূর্ব জেরুজালেমকে স্বাধীন রাষ্ট্রের রাজধানী করতে চায় ফিলিস্তিন। আরব লিগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, পূর্ব জেরুজালেমে ইহুদিদের আধিপত্য বিস্তারে অত্যন্ত পরিকল্পিতভাবে ও দ্রুততার সঙ্গে দখলদারি চালাচ্ছে ইসরায়েল। তারা এর চরিত্র পাল্টে ফেলার চেষ্টা করছে এবং এখানে বসবাসরত ফিলিস্তিনি অধিবাসীদের উচ্ছেদ করছে। আল-আকসা মসজিদসহ প্রসিদ্ধ মুসলিম ও খ্রিষ্টানদের প্রার্থনা স্থানগুলোতেও তারা হামলা চালাচ্ছে।উদ্বোধনী ভাষণে কাতারের আমির শেখ হামাদ বিন খালিফা আল-থানি ঘোষণা দেন, তহবিলে ২৫ কোটি ডলার অনুদান দেবে কাতার।তবে আরব লিগের এ উদ্যোগ জেরুজালেমের জন্য আদৌ কতটা সুফল বয়ে আনবে, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ফিলিস্তিনের কর্মকর্তারা। ফিলিস্তিন মুক্তি সংস্থার জ্যেষ্ঠ সদস্য ঘাসান শাকা বলেন, ‘আমরা এর আগেও বহুবার দেখেছি, আরব লিগ যেসব সিদ্ধান্ত নেয়, অধিকাংশ ক্ষেত্রেই তা বাস্তবায়ন করতে পারে না।’ তিনি আরও বলেন, অর্থনৈতিক সহায়তা একটি প্রক্রিয়া, তবে রাজনৈতিক সাহায্যই সবচেয়ে জরুরি।এদিকে তহবিল গঠনের এ উদ্যোগকে ‘লজ্জাকর নিদর্শন’ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগাল পালমোর।মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক দিন থেকে জেরুজালেম কাঁটার মতো বিঁধে আছে। এ নগরকে মুসলিম, খ্রিষ্টান ও ইহুদি ধর্মাবলম্বীরা পবিত্র স্থান বলে মনে করে। এর পশ্চিম অংশ ইসরায়েলের দখলে রয়েছে। রয়টার্স।