জেরেমি করবিন লেবার দলের নেতা নির্বাচিত

নতুন নেতা নির্বাচিত করেছে যুক্তরাজ্যের লেবার দল। এই নতুন নেতার নাম জেরেমি করবিন। কট্টর বামপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত করবিনের বিজয় লেবার দলের নীতিতে আমূল পরিবর্তন আনার পাশাপাশি ওয়েস্টমিনস্টারের রাজনীতিকে কঠিনভাবে নাড়া দেবে বলে মনে করা হচ্ছে।
আজ শনিবার লেবার নেতা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। খবর বিবিসির।
করবিনের বিজয়ের খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ছায়া স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জেমি রিড। নির্বাচনী প্রচারে দলের মধ্যপন্থী নেতাদের করবিন বিরোধিতা থেকে এমন বিদ্রোহের বিষয়ে আগেই আঁচ করা হয়েছিল।
নির্বাচনে লেবার দলের মোট চার লাখ ২২ হাজার ৬৬৪ ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে জেরেমি করবিন পেয়েছেন দুই লাখ ৫১ হাজার ৪১৭ বা ৫৯ দশমিক পাঁচ শতাংশ ভোট। অপর তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে এন্ডি বার্নহাম ১৯ শতাংশ, ইভেট কুপার ১৭ শতাংশ এবং লিজ ক্যান্ডেল চার দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছেন। দলের ডেপুটি লিডার নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী টম ওয়াটসন।
নির্বাচনে নিজ দলের মধ্যপন্থী নেতাদের কাছ থেকে চরম সমালোচনার শিকার হলেও করবিন বিজয়ী ভাষণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। বিবিসিকে তিনি বলেন, শরণার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়ে তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে কাজ শুরু করবেন।
দীর্ঘ ৩২ বছর ধরে লেবার দলের এমপি নির্বাচিত হলেও করবিনকে কখনো মন্ত্রিসভা বা ছায়ামন্ত্রী সভায় স্থান দেওয়া হয়নি। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী সহজেই নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করলেও করবিনকে অনেক কষ্ট করেই ৩৫ জন এমপির সমর্থন আদায় করতে হয়েছিল। নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দলের ৩৫ এমপির সমর্থন লাগে।
সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনসহ দলের মধ্যপন্থী প্রভাবশালী নেতারা করবিনের বিরোধিতায় সরব ছিলেন। অনেকে বলছিলেন, করবিন নির্বাচিত হলে দলে বিদ্রোহ হবে এবং এক বছরের মাথায় আবার নতুন নেতা নির্বাচন করতে হতে পারে। কিন্তু নির্বাচনের ভোটের চিত্র বলছে ভিন্ন কথা। করবিন দলের সরাসরি সদ্যদের ভোট পেয়েছেন ৪৯ শতাংশ, ইউনিয়নভুক্ত সদস্যদের ভোট পেয়েছেন ৫৭ শতাংশ এবং যাঁরা তিন পাউন্ডের বিনিময়ে ভোট দেওয়ার জন্য লেবার সমর্থক হিসেবে নিবন্ধিত হয়েছেন তাঁদের ভোট পেয়েছেন প্রায় ৮৫ শতাংশ।
দলের এমন বিপুল সংখ্যক সদস্যের মতামতকে উপেক্ষা করে করবিনের বিরোধিতা করা মধ্যপন্থীদের জন্য সহজ হবে না বলে মনে করা হচ্ছে। করবিনের সমর্থকেরা বলছেন, মানবাধিকার, সমানাধিকার ও সামাজিক ন্যায়ের যেসব মূল্যবোধ নিয়ে লেবার দলের জন্ম হয়েছিল, করবিনের বিজয়ের মাধ্যমে আবার সেই মূল্যবোধে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।