জেরেমি করবিনই লেবার দলের নেতা নির্বাচিত

জেরেমি করবিনই যুক্তরাজ্যের লেবার দলের নতুন নেতা নির্বাচিত হলেন। কট্টর বামপন্থী হিসেবে পরিচিত করবিনের বিজয় লেবার দলের নীতিতে বড় পরিবর্তন আনার পাশাপাশি ব্রিটিশ রাজনীতিকে নাড়া দেবে বলে মনে করা হচ্ছে। গতকাল শনিবার লেবার নেতা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে লেবার দলের মোট ৪ লাখ ২২ হাজার ৬৬৪ ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে জেরেমি করবিন পেয়েছেন ২ লাখ ৫১ হাজার ৪১৭ ভোট বা ৫৯ দশমিক ৫ শতাংশ। অপর তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে অ্যান্ডি বার্নহাম ১৯ শতাংশ, ইভেট কুপার ১৭ শতাংশ এবং লিজ ক্যান্ডেল ৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। দলের ডেপুটি লিডার নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী টম ওয়াটসন।
নির্বাচনের সময় নিজ দলের মধ্যপন্থী নেতাদের কাছ থেকে চরম সমালোচনার শিকার হলেও করবিন বিজয়ী হওয়ার পর দেওয়া ভাষণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন।
দীর্ঘ ৩২ বছর ধরে লেবার দলের এমপি নির্বাচিত হলেও করবিনকে কখনো মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়নি। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী খুব সহজে নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করলেও করবিনকে বেশ কষ্ট করেই দলীয় এমপিদের সমর্থন আদায় করতে হয়েছে। লেবার দলের নেতা নির্বাচনে প্রার্থী হতে দলের ৩৫ জন এমপির সমর্থন লাগে। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউনসহ দলের মধ্যপন্থী প্রভাবশালী নেতারা করবিনের বিরোধিতায় সরব ছিলেন।