১০ বছর আগে গাড়ি চালানোর সময় গতিসীমা লঙ্ঘনের বিষয়ে মিথ্যা বলার অপরাধে সাবেক ব্রিটিশ পরিবেশমন্ত্রী ক্রিস হিউন কারাদণ্ড ভোগ করতে চলেছেন।গতকাল সোমবার লন্ডনের সার্দাক ক্রাউন আদালতে মামলার শুনানি শুরু হওয়ার আগেই বিচার-প্রক্রিয়াকে বিপথে পরিচালিত করার (পারভার্টিং কোর্স অব জাস্টিস) অপরাধ স্বীকার করে নেন হিউন। আদালত এখন পরবর্তী সময়ে তাঁর দণ্ডাদেশ ঘোষণা করবেন। এতে হিউনের সর্বনিম্ন ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা থেকে শুরু করে সর্্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ এবং লিবডেম জোটের মন্ত্রিসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষে একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন ক্রিস হিউন। ক্রিস হিউনের বিরুদ্ধে অভিযোগ, ২০০৩ সালে তিনি গাড়ি চালানোর সময় গতিসীমা লঙ্ঘন করেন। কিন্তু তখন তিনি দাবি করেছিলেন, গাড়িটি চালাচ্ছিলেন তাঁর স্ত্রী ভিকি প্রাইস। হিউনের এই মিথ্যা তথ্যের কারণে তখন তাঁর স্ত্রীর ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটার মাধ্যমে ওই অপরাধের নিষ্পত্তি হয়েছিল।কিন্তু ২০১০ সালে জোট মন্ত্রিসভায় স্থান পাওয়ার এক বছর পর হিউন জনসংযোগ বিশেষজ্ঞ ক্যারিনা ট্রিমিংহ্যাম নামে এক মহিলার প্রেমে পড়েন। এ ঘটনায় ভিকি প্রাইসের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ ঘটে। এর কিছুদিন পরই সংবাদপত্রে তাঁর ওই ড্রাইভিং-অপরাধ বিষয়ে প্রকৃত ঘটনা ফাঁস হয়। সে সময় তিনি নিজেকে নির্দোষ প্রমাণের অঙ্গীকার করে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। মাত্র এক সপ্তাহ আগেও মামলায় হিউন ও ভিকি প্রাইসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের সময় হিউন নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। কিন্তু সাবেক স্ত্রী প্রাইস আদালতে দাবি করেন, দাম্পত্য জীবন রক্ষায় চাপের মুখে সে সময় তিনি স্বামীকে সহায়তা করতে বাধ্য হয়েছিলেন।হিউন দ্বিতীয় ব্রিটিশ মন্ত্রী, যিনি বিচার-প্রক্রিয়াকে বিপথগামী করার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন। এর আগে, ১৯৯৯ সালে একই ধরনের অপরাধে জন মেজরের মন্ত্রিসভার সদস্য কনজারভেটিভ পার্টির জোনাথন এটকিনের ১৮ মাসের কারাদণ্ড হয়েছিল।