জেলহাজতে গাদ্দাফির ছেলের ওপর নির্যাতন চালানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার জেলহাজতে গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। তাঁকে সেখানে অন্ধকার একটি ঘরে একা রাখা হয়েছে। এ ছাড়া শারীরিকভাবেও তাঁর ওপর নির্যাতন চলছে। গতকাল শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সাইফের আইনজীবী এমন অভিযোগই করেছেন।ওই আইনজীবী এক বিবৃতিতে জানান, সাইফের বিরুদ্ধে তেমন কোনো গুরুতর অপরাধের অভিযোগ নেই। উটের লাইসেন্স বা মৎস্য খামারে অনিয়ম—এ রকম ছোটখাটো অপরাধের জন্য তাঁকে বিচারের সম্মুখীন করা হবে।সাইফের বিচার-প্রক্রিয়া নিয়ে লিবিয়ার সরকার ও আন্তর্জাতিক অপরাধ আদালতের মধ্যে একধরনের টানাপোড়েন চলছে। লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদ মনে করে, দেশেই সাইফের বিচার হওয়া দরকার। তবে আইসিসি চায়, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে লিবিয়ার সহযোগিতা করা উচিত। আর এ জন্য সাইফকে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করতে হবে।এদিকে সাইফের আইনজীবী বিবৃতিতে আরও জানান, সাইফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার জন্য পর্যাপ্ত তথ্যপ্রমাণ লিবিয়ার কাছে নেই। আন্তর্জাতিক অপরাধ আদালত সাইফের যুদ্ধাপরাধের অভিযোগের ব্যাপারে তদন্ত করতে চায়। আর তাই লিবিয়াকে বলা হয় নির্দিষ্ট একটি সময়ের মধ্যে সাইফকে তাদের কাছে সোপর্দ করতে। বিবিসি।