জেলে যাওয়ার আশঙ্কা শরৎ ফনসেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকা বলেছেন, তিনি আশঙ্কা করছেন সরকার শিগগিরই তাঁকে কারাগারে পাঠাবে। গতকাল শুক্রবার পার্লামেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।একটি সামরিক আদালত গত সপ্তাহে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে ফনসেকার জেনারেল পদবিসহ যাবতীয় রাষ্ট্রীয় সম্মাননা কেড়ে নেন। ৫৯ বছর বয়স্ক এই সাবেক সেনা কর্মকর্তা এখন আশঙ্কা করছেন দ্বিতীয় আরেকটি সামরিক আদালত দুর্নীতির অভিযোগ এনে শিগগিরই তাঁকে কারাদণ্ড প্রদান করে জেলে পাঠাবেন। এ আদালতের রায় ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।ফনসেকা গত এপ্রিলে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। সেনা নজরদারিতে তাঁকে পার্লামেন্ট অধিবেশনে যোগ দিতে হয়। গতকাল পার্লামেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রথম সেনা আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন। ওই রায়ে তাঁর পদবি, মেডেল, পেনশনসহ সব রাষ্ট্রীয় খেতাব ও সুযোগ-সুবিধা কেড়ে নেওয়া হয়।সাংবাদিকদের ফনসেকা বলেন, ৪০ বছর ধরে দেশের জন্য তিনি যা করেছেন, তা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে করেছেন। কোনো কিছু পাওয়ার আশায় করেননি। মেডেল, পদোন্নতি, অর্থবিত্ত, কোনো কিছুর আশা না করে শুধু দেশের জন্য করে গেছেন। দেশ বা আইনবিরোধী কোনো কাজ তাঁর দ্বারা কখনো হয়নি।বিদ্রোহী তামিল টাইগারদের পরাজিত করতে ফনসেকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তামিল বিদ্রোহ অবসানের পর শ্রীলঙ্কার অনেকেই তাঁকে জাতীয় বীর হিসেবে ভাবতে শুরু করেন। পরবর্তী সময় প্রেসিডেন্ট নির্বাচন করে পরাজিত হন ফনসেকা। এ নিয়ে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে তাঁর চরম বিরোধের সৃষ্টি হয়। এর পর থেকেই তাঁর ওপর একটার পর একটা ঝড় আসতে শুরু করে। বিবিসি