জেলে যাব কিন্তু সুইজারল্যান্ডকে চিঠি লিখব না: গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল বৃহস্পতিবার বলেছেন, আদালতের নির্দেশ মেনে প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরায় চালু করতে সুইজারল্যান্ড সরকারকে অনুরোধ জানানোর চেয়ে তিনি জেলে যেতে বেশি পছন্দ করবেন।আদালতের নির্দেশ সত্ত্বেও জারদারির মামলা চালু করতে সুইজারল্যান্ড সরকারকে চিঠি না দেওয়ায় গত মাসে প্রধানমন্ত্রী গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এর ফলে বিচার বিভাগের সঙ্গে সরকারের গত দুই বছরের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বলা হচ্ছে, গিলানি প্রধানমন্ত্রিত্ব হারানোর ঝুঁকিও নেবেন, কিন্তু বিচার বিভাগের কাছে হার স্বীকার করবেন না। তাঁর গতকালের মন্তব্য এ ধারণাকে আরও জোরালো করেছে।গিলানি বরাবরই দাবি করে এসেছেন, প্রেসিডেন্ট জারদারি সাংবিধানিকভাবে দায়মুক্ত এবং তাঁর বিরুদ্ধে ওই মামলা করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে।গতকাল পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর জেলায় পিএইচডি শিক্ষার্থীদের এক সমাবেশে গিলানি বলেন, ‘সুইজারল্যান্ড সরকারকে আমি যদি চিঠি লিখি তবে তা হবে সংবিধান লঙ্ঘন। আর সংবিধান লঙ্ঘন করা রাষ্ট্রদ্রোহিতা, এ জন্য মৃত্যুদণ্ড হতে পারে।’ শিক্ষার্থীদের কেউ কেউ এ সময় চিৎকার করে বলতে থাকেন, ‘লিখবেন না, লিখবেন না’।গিলানি আবারও বলেন, ‘যদি চিঠি না লিখি তবে আমি আদালত অবমাননার দায়ে দণ্ডিত হব। এর শাস্তি হতে পারে ছয় মাসের জেল। কাজেই মৃত্যুদণ্ডের চেয়ে ছয় মাসের জেলই ভালো।’মামলা চালুর আহ্বান জানিয়ে সুইজারল্যান্ড সরকারকে চিঠি লিখতে গিলানিকে ২১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এর আগে বিভিন্ন বিষয় নিয়ে শীর্ষ আদালত সরকারকে নির্দেশ দিলেও এই প্রথমবারের মতো সরাসরি গিলানিকে ব্যক্তিগতভাবে এ নির্দেশ দেওয়া হয়েছে।প্রেসিডেন্ট জারদারি ও তাঁর প্রয়াত স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বিরুদ্ধে প্রায় এক কোটি ২০ লাখ মার্কিন ডলার অবৈধভাবে সুইজারল্যান্ডের বাংকে পাচারের অভিযোগে ওই মামলা করা হয়েছিল। কিন্তু সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের আমলের শেষদিকে সাধারণ দায়মুক্তির আওতায় ওই মামলা প্রত্যাহার করা হয়।উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী গিলানি প্রশ্ন করেন, তিনি কি সুইজারল্যান্ড সরকারকে চিঠি লিখবেন? তখন শিক্ষার্থীরা জবাব দেন, ‘না না’।এরপর গিলানি বলেন, ‘ঠিক আছে, আপনাদের মতামত আমরা আদালতে পৌঁছে দেব এবং তাঁদের বলব, তাঁরা যেন পার্লামেন্টকেই আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেন। কেননা, পার্লামেন্টই প্রেসিডেন্টকে দায়মুক্তি দিয়েছে। বিশ্বের সব দেশেই প্রেসিডেন্টরা এমন দায়মুক্তি পেয়ে থাকেন।’স্ত্রী বেনজির ভুট্টো দুইবার প্রধানমন্ত্রী থাকাকালে জারদারি দুর্নীতির সঙ্গে এতটাই জড়িয়ে পড়েন যে, তাঁর নাম হয়ে যায় ‘মিস্টার টেন পার্সেন্ট’। দুর্নীতি থেকে শুরু করে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়ে তিনি ১১ বছর জেলও খাটেন। যদিও কোনো মামলায় তিনি কখনো দোষী সাব্যস্ত হননি। এএফপি।